জাতীয়

বিজয় কোনো অর্জন নয়, বরং এটি পবিত্র ইমানি দায়িত্ব: ইশরাক হোসেন

ঢাকা-৬, ১৪ ফেব্রুয়ারি – ঢাকা-৬ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, নির্বাচনে বিজয় কোনো ব্যক্তিগত অর্জন নয় বরং এটি জনগণের দেওয়া একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও পবিত্র দায়িত্ব। জনগণের আস্থা রক্ষা করে তাদের কল্যাণে কাজ করাই এখন তার প্রধান লক্ষ্য। শনিবার ১৪ ফেব্রুয়ারি ওয়ারীতে ঢাকা-৬ আসনের প্রধান নির্বাচনী কার্যালয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ বিজয় এবং দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় আয়োজিত এক দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

ইশরাক হোসেন বলেন, জনগণ যে দায়িত্ব দিয়েছে সেটিকে তিনি ‘পবিত্র ইমানি দায়িত্ব’ হিসেবেই দেখছেন। নির্বাচনের ফল ঘোষণার সময় সাময়িক উচ্ছ্বাস থাকলেও বিষয়টিকে উৎসব হিসেবে দেখার কোনো সুযোগ নেই। তিনি স্পষ্টভাবে বলেন, বাংলাদেশ হবে জনগণের বাংলাদেশ এবং এখানে জনগণের স্বার্থবিরোধী কোনো কর্মকাণ্ডকে প্রশ্রয় দেওয়া হবে না। দলের নাম ব্যবহার করে কেউ যদি অন্যায়ভাবে কারো ক্ষতি করে, চাঁদাবাজি করে বা অবৈধ কোনো দাবি তোলে তবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এক্ষেত্রে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হবে বলে তিনি হুঁশিয়ারি দেন। নবনির্বাচিত এই এমপি বলেন, এলাকায় সন্ত্রাস, মাদক ব্যবসা ও চাঁদাবাজিসহ সব ধরনের অবৈধ কার্যকলাপ বন্ধ করা গেলে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে এবং বসবাসের জন্য নিরাপদ পরিবেশ গড়ে তোলা সম্ভব হবে। দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, দীর্ঘদিন ধরে বিনিয়োগ না হওয়ায় অর্থনীতি স্থবির হয়ে পড়েছে। সামনে রমজান মাসকে কেন্দ্র করে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণে রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি এবং বাজারে কোনো ধরনের সিন্ডিকেট যাতে তৈরি না হয় সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান।

ঢাকার দক্ষিণাঞ্চলে নির্বাচনের ফল প্রসঙ্গে ইশরাক হোসেন মন্তব্য করেন যে ভোটার উপস্থিতির হার কম হওয়ায় ফলাফল পুরোপুরি সন্তোষজনক নয়। প্রত্যাশার তুলনায় কম ভোট পড়ার কারণ অনুসন্ধান করে দলকে পুনর্গঠন ও সুসংগঠিত করার পরিকল্পনার কথা জানান তিনি। এলাকার নাগরিক সমস্যার মধ্যে গ্যাস সংকটকে অন্যতম প্রধান অগ্রাধিকার হিসেবে উল্লেখ করে তিনি বলেন, সরকার গঠনের প্রক্রিয়া সম্পন্ন হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করে দ্রুত এ সমস্যার সমাধানের উদ্যোগ নেওয়া হবে। এছাড়া তিনি দলীয় নেতাকর্মীদের সংযত আচরণের আহ্বান জানিয়ে সামাজিক উন্নয়নমূলক কাজে অংশগ্রহণের নির্দেশ দেন। অনুষ্ঠানে ঢাকা-৭ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য হামিদুর রহমানসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন।

এসএএস/ ১৪ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language