দক্ষিণ এশিয়া

মুম্বাইয়ে মেট্রোর পিলারের অংশ ধসে নিহত ১, আহত ৩

মুম্বাই, ১৪ ফেব্রুয়ারি – মুম্বাইয়ে নির্মাণাধীন মেট্রো রেললাইনের একটি পিলারের অংশ ধসে পড়ার ঘটনায় একজন নিহত এবং তিনজন আহত হয়েছেন।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে শহরের মুলুন্ড (পশ্চিম) এলাকার এলবিএস রোডে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

মুম্বাই ফায়ার ব্রিগেড সূত্রে জানা গেছে, মেট্রো লাইন-৪ প্রকল্পের কাজ চলাকালে ভায়াডাক্টের একটি প্যারাপেট সেগমেন্টের বিশাল কংক্রিটের টুকরো (আয়তন প্রায় ৬ ফুট বাই ৪ ফুট) হঠাৎ নিচে ভেঙে পড়ে। কংক্রিটের স্তূপটি নিচে থাকা একটি চলন্ত অটোরিকশা ও একটি প্রাইভেটকারের ওপর আছড়ে পড়ে।

দুর্ঘটনার পরপরই আহতদের দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা রামধন যাদব নামের একজনকে মৃত ঘোষণা করেন।

আহতদের মধ্যে রাজকুমার ইন্দ্রজিৎ যাদব (৪৫) নামের এক ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। এছাড়া মহেন্দ্র প্রতাপ যাদব (৫২) ও দীপা রুহিয়া (৪০) নামের অপর দুই আহতের অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে।

ঘটনার খবর পেয়ে ফায়ার ব্রিগেড, পুলিশ, মেট্রো কর্তৃপক্ষ এবং অ্যাম্বুলেন্স সেবার কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন। নিরাপত্তার স্বার্থে দুর্ঘটনাস্থলটি ঘিরে ফেলা হয়, যার ফলে ব্যস্ত এলবিএস রোডে বেশ কিছুক্ষণ যান চলাচল ব্যাহত হয়।

এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে মুলুন্ডের বিধায়ক মিহির কোটেচা সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

মুম্বাইয়ের মেয়র ঋতু তাওড়ে জানান, প্যারাপেট সেগমেন্টটি মাত্র একদিন আগেই স্থাপন করা হয়েছিল এবং নিয়ম অনুযায়ী জায়গাটি ব্যারিকেড দিয়ে ঘিরে না রাখাটা স্পষ্ট অবহেলার ইঙ্গিত।

অন্যদিকে শিবসেনা (ইউবিটি) নেতা আদিত্য ঠাকরে অবকাঠামো প্রকল্পে নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি নিয়ে সরকারের সমালোচনা করেছেন এবং সংশ্লিষ্ট ঠিকাদারকে কালো তালিকাভুক্ত করা হবে কি না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, পিলার ধসের প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত শুরু হয়েছে।

এদিকে, নিহতের পরিবারের জন্য পাঁচ লাখ রুপি ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস।

এনএন/ ১৪ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language