ফরিদগঞ্জে ভোট পুনর্গণনার দাবি ধানের শীষের প্রার্থী হারুনুর রশিদের

চাঁদপুর, ১৪ ফেব্রুয়ারি – চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট পুনর্গণনার জোর দাবি জানিয়েছেন ধানের শীষ প্রতীকের প্রার্থী ও সাবেক সংসদ সদস্য লায়ন মো. হারুনুর রশিদ।
শনিবার বিকেলে ফরিদগঞ্জ উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়নে নিজ বাসভবনের হলরুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই দাবি জানান।
লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কারচুপি ও জাল ভোটের মাধ্যমে নির্বাচনের ফলাফল প্রভাবিত করা হয়েছে এবং এ বিষয়ে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে লিখিতভাবে অবহিত করেছেন। তিনি জানান, ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে তিনি অবাধ ও সুষ্ঠু পরিবেশ আশা করেছিলেন। ভোটগ্রহণের শুরুতে নিজের কেন্দ্রে ভোট দিয়ে তিনি বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন এবং ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করেন। তবে দুপুরের পর শোল্লা, ঘড়িয়ানা ও মুন্সীরহাটসহ বেশ কয়েকটি কেন্দ্র থেকে ধানের শীষের এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ পান তিনি।
হারুনুর রশিদের অভিযোগ, বড়গাঁও উচ্চ বিদ্যালয়, গাজীপুর আহমদিয়া ফাজিল মাদরাসা, পশ্চিম ভাওয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়, পাইকপাড়া ও চররামপুরসহ একাধিক কেন্দ্রে প্রশাসনের ভূমিকা নিরপেক্ষ ছিল না। স্বতন্ত্র প্রার্থীর কর্মীরা কেন্দ্র দখল করে বিপুল পরিমাণ জাল ভোট দিয়েছে এবং তার এজেন্টদের মারধর করেছে বলে তিনি দাবি করেন।
নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন নিরপেক্ষ তদন্ত দল গঠন করে সিসিটিভি ফুটেজ পর্যালোচনার মাধ্যমে ঘটনার সত্যতা যাচাই করা প্রয়োজন।
সংবাদ সম্মেলনে তিনি আরও অভিযোগ করেন, নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকে ফরিদগঞ্জের বিভিন্ন এলাকায় তার দলের নেতাকর্মীদের ওপর হামলা ও বাড়িঘর ভাঙচুর করা হচ্ছে। তিনি অবিলম্বে ভোট পুনর্গণনার মাধ্যমে প্রকৃত ফলাফল প্রকাশের দাবি জানিয়েছেন।
এনএন/ ১৪ ফেব্রুয়ারি ২০২৬









