জাতীয়

সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতিই পড়াবেন নতুন মন্ত্রিসভার শপথ: মন্ত্রিপরিষদ সচিব

ঢাকা, ১৪ ফেব্রুয়ারি – সংবিধান অনুযায়ী নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ রাষ্ট্রপতি পড়াবেন বলে নিশ্চিত করেছেন মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদ।

শনিবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।বর্তমানে রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করছেন মো. সাহাবুদ্দিন।

মন্ত্রিপরিষদ সচিব জানান, নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণের জন্য মন্ত্রিপরিষদ বিভাগের পূর্ণ প্রস্তুতি রয়েছে। এই শপথ অনুষ্ঠানে প্রায় এক হাজার অতিথিকে আমন্ত্রণ জানানোর পরিকল্পনা করা হয়েছে।

মন্ত্রিসভার সদস্য সংখ্যা কত হবে, এমন প্রশ্নের জবাবে সচিব বলেন, বিষয়টি সংসদ নেতার সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। যিনি প্রধানমন্ত্রী হবেন, তিনি কতজনকে মন্ত্রী হিসেবে চান বা পরে অন্তর্ভুক্ত করতে চান, সেটি তার ইচ্ছার ওপরই নির্ধারিত হবে।

শপথ গ্রহণের সুনির্দিষ্ট তারিখ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, নির্দেশ বা ইঙ্গিত পাওয়ার সঙ্গে সঙ্গেই তারা কাজ শুরু করবেন। সেটা যেদিনই হোক, মন্ত্রিপরিষদ বিভাগ প্রস্তুত রয়েছে। সংসদ সদস্যদের গেজেট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং ২৯৭টি আসনে নির্বাচিতদের নাম ঘোষণা করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, আইন অনুযায়ী গেজেট প্রকাশের তিন দিনের মধ্যে তাদের শপথ নিতে হয়। সেক্ষেত্রে ১৫ থেকে ১৭ ফেব্রুয়ারির মধ্যে সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সংসদ সদস্যদের শপথের পর সংখ্যাগরিষ্ঠ দলের নেতা নির্বাচিত হবেন এবং তিনি রাষ্ট্রপতির কাছে সরকার গঠনের আহ্বান জানাবেন। এরপর সুবিধাজনক সময়ে নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হবে।

আগামী তিন থেকে চার দিনের মধ্যে এই শপথ সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেন মন্ত্রিপরিষদ সচিব।

এনএন/ ১৪ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language