ফেনী পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডে জলাবদ্ধতায় চরম ভোগান্তি, স্বাস্থ্যঝুঁকিতে বাসিন্দারা

ফেনী, ১৪ ফেব্রুয়ারি – ফেনী পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের বড় বাড়ির হাজারী রোড এলাকায় জলাবদ্ধতা নিত্যদিনের সঙ্গী হয়ে দাঁড়িয়েছে। বৃষ্টি না থাকলেও সড়কের ওপর জমে থাকা নোংরা পানি আর দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে পড়েছেন শিক্ষার্থী, পথচারী ও স্থানীয় বাসিন্দারা।
অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার কারণে বর্ষা মৌসুম ছাড়াও সারা বছর এই দুর্ভোগ পোহাতে হচ্ছে কয়েক হাজার মানুষকে। নোংরা পানির কারণে ডায়রিয়া ও চর্মরোগসহ বিভিন্ন পানিবাহিত রোগ ছড়িয়ে পড়ছে। স্থানীয় সূত্রে জানা গেছে, পৌরসভার ওই এলাকার বড় বাড়ির পেছনে হাজারী রোড সংলগ্ন স্থানে ৪৫০টিরও বেশি পরিবার বসবাস করে, যার মোট জনসংখ্যা আড়াই হাজারের বেশি। দিনের পর দিন রাস্তায় নোংরা পানি জমে থাকায় শিক্ষার্থী ও ব্যবসায়ীদের স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে। অভিভাবকদের অভিযোগ, এলাকা জুড়ে ছড়িয়ে পড়া নোংরা পানির দুর্গন্ধে শিশুদের স্বাস্থ্যঝুঁকি বাড়ছে।
একাধিকবার সংশ্লিষ্ট দপ্তরে বিষয়টি জানানো হলেও এখনো কোনো কার্যকর সমাধান মেলেনি। স্থানীয় শিক্ষক আবদুল জব্বার জানান, দীর্ঘদিন ধরে এই এলাকার মানুষ জলাবদ্ধতার শিকার। দ্রুত কার্যকর ড্রেনেজ ব্যবস্থা না নেওয়া হলে ভবিষ্যতে বড় ধরনের মহামারি ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। গৃহিণী দেলু বেগম জানান, ঘর থেকে বের হলেই নোংরা পানি মাড়িয়ে চলতে হয়, যা নিয়ে তিনি পরিবারের শিশুদের সুস্থতা নিয়ে শঙ্কিত। স্থানীয় শিক্ষার্থী সুমাইয়া জাহান রেভা জানায়, স্কুলে যাওয়ার সময় প্রায়ই হাঁটুসমান নোংরা পানি দিয়ে হেঁটে যেতে হয়, ফলে অনেক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ছে। ভুক্তভোগীরা অবিলম্বে টেকসই ড্রেনেজ ব্যবস্থা নির্মাণের মাধ্যমে এই সমস্যার স্থায়ী সমাধান দাবি করেছেন।
এস এম/ ১৪ ফেব্রুয়ারি ২০২৬









