রংপুর বিভাগ

রংপুরে ভোট পুনর্গণনার দাবিতে মহাসড়ক অবরোধ, যানজটে ভোগান্তি

রংপুর, ১৪ ফেব্রুয়ারি – রংপুর-৪ আসনে ভোট পুনর্গণনার দাবিতে রংপুর-ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেছেন বিএনপি মনোনীত প্রার্থী এমদাদুল হক ভরসার কর্মী ও সমর্থকরা। শনিবার ১৪ ফেব্রুয়ারি সকাল থেকে তারা সড়কে অবস্থান নিতে শুরু করেন এবং বেলা ১২টার দিকে মহাসড়ক পুরোপুরি অবরোধ করে দেন।

এ সময় বিক্ষোভকারীরা নির্বাচনের ঘোষিত ফলাফলের বিরুদ্ধে এবং বিজয়ী প্রার্থীর বিরুদ্ধে বিভিন্ন শ্লোগান দেন। সড়ক অবরোধের ফলে রাস্তার উভয় পাশে কয়েক কিলোমিটার জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়, যার ফলে সাধারণ যাত্রীরা ভোগান্তিতে পড়েন। বেলা ৩টা পর্যন্ত এই অবরোধ কর্মসূচি অব্যাহত থাকে। পরবর্তীতে কাউনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া সুলতানা ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভোট পুনর্গণনার বিষয়টি বিবেচনার আশ্বাস দিলে বিক্ষোভকারীরা অবরোধ তুলে নেন।

বিএনপি প্রার্থী এমদাদুল হক ভরসা অভিযোগ করে বলেন, জনগণ তাকে ভোট দিলেও প্রশাসন ফলাফলে কারচুপি করেছে। তিনি দাবি করেন, ভোট পুনর্গণনা করা হলে যে ফলাফল আসবে ভোটাররা তা মেনে নেবে। অন্যদিকে রংপুর-৪ আসনে বেসরকারিভাবে বিজয়ী আখতার হোসেন পাল্টা অভিযোগ করে বলেন, পরাজিত প্রার্থীর লোকজন ভাড়াটে লোক দিয়ে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করছে। একই দাবিতে সকালে পীরগাছা বাজারে উপজেলা বিএনপির সভাপতি আমিনুল ইসলাম রাঙ্গার নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে রিটার্নিং কর্মকর্তা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। এছাড়া রংপুর-৬ পীরগঞ্জ আসনেও ভোট পুনর্গণনার দাবিতে শুক্রবার রাতে বিক্ষোভ করেছেন বিএনপি প্রার্থী সাইফুল ইসলামের সমর্থকরা।

এস এম/ ১৪ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language