ঢাকা-৮ আসনে হারলেও সিনেটে যাওয়ার পথ খুলছে নাসীরুদ্দীন পাটওয়ারীর

ঢাকা-৮, ১৪ ফেব্রুয়ারি – ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অন্যতম আলোচিত প্রার্থী ছিলেন ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী ও এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। ঢাকা ৮ আসনে বিএনপির হেভিওয়েট নেতা মির্জা আব্বাসের কাছে অল্প ভোটের ব্যবধানে পরাজিত হলেও জাতীয় সংসদের উচ্চকক্ষ বা সিনেটে তার যাওয়ার পথ উন্মুক্ত রয়েছে বলে দলীয় সূত্রে ইঙ্গিত পাওয়া গেছে।
গণভোটে ‘হ্যাঁ’ ভোটের বিজয় এবং জুলাই সনদের আলোকে গঠিতব্য ১০০ সদস্যের উচ্চকক্ষে দলগুলোর প্রাপ্ত ভোটের শতকরা হারের ভিত্তিতে সদস্য মনোনয়ন দেওয়া হবে। সদ্য সমাপ্ত নির্বাচনে ৩০টি আসনে প্রার্থী দিয়ে এনসিপি মোট ২২ লাখ ৬৯ হাজার ৬৩১ ভোট পেয়েছে। এই সংখ্যা মোট ভোটের ৩ দশমিক ২১ শতাংশ। প্রাপ্ত ভোটের এই হিসেব অনুযায়ী উচ্চকক্ষে দলটির অন্তত তিনটি আসন পাওয়ার জোরালো সম্ভাবনা তৈরি হয়েছে। দলটির একাধিক সূত্র জানিয়েছে যে সম্ভাব্য তিন সদস্যের তালিকায় সবার ওপরে রয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী।
যদিও এখনো এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি, তবে দলীয় আলোচনায় তার নামই সবচেয়ে জোরালোভাবে উঠে আসছে। গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনের বেসরকারি ফলাফলে দেখা যায় ঢাকা ৮ আসনে মির্জা আব্বাস পেয়েছেন ৫৯ হাজার ৩৩৬ ভোট এবং নাসীরুদ্দীন পাটওয়ারী পেয়েছেন ৫৪ হাজার ১২৭ ভোট। দুই প্রার্থীর ভোটের ব্যবধান মাত্র পাঁচ হাজারের কিছু বেশি। তবে রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা, তিনি যদি আসন্ন ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নেন, তাহলে উচ্চকক্ষের সদস্য পদে নাও যেতে পারেন। এ বিষয়ে এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক সাদিয়া ফারজানা জানিয়েছেন, উচ্চকক্ষে কারা মনোনয়ন পাবেন তা নিয়ে জোট ও দলের ভেতরে আলোচনা চলছে এবং সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া শেষ হলে আনুষ্ঠানিকভাবে নাম ঘোষণা করা হবে।
এস এম/ ১৪ ফেব্রুয়ারি ২০২৬









