ত্রয়োদশ নির্বাচন: জামায়াত আমিরকে প্রধান উপদেষ্টার অভিনন্দন

ঢাকা, ১৪ ফেব্রুয়ারি – ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মর্যাদাপূর্ণ ফলাফল অর্জন করায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে অভিনন্দন ও ধন্যবাদ জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
শনিবার এক বিশেষ বার্তায় প্রধান উপদেষ্টা এই অভিনন্দন জানান। বার্তায় তিনি উল্লেখ করেন যে ডা. শফিকুর রহমানের নেতৃত্বে দলীয় প্রার্থীদের সক্রিয় অংশগ্রহণ, দৃঢ় প্রতিদ্বন্দ্বিতা এবং পরবর্তীতে নির্বাচনের ফলাফলকে শান্ত ও মর্যাদাপূর্ণভাবে গ্রহণ করার বিষয়টি প্রশংসনীয়। জামায়াত আমিরের ভূমিকার প্রশংসা করে প্রধান উপদেষ্টা বলেন, নির্বাচনী প্রচারপর্ব থেকে শুরু করে ফলাফল ঘোষণার পরবর্তী সময় পর্যন্ত তার রাজনৈতিক শিষ্টাচার, সংযম ও দায়িত্বশীল বক্তব্য দেশের সামগ্রিক পরিস্থিতি স্থিতিশীল রাখতে বিশেষ ভূমিকা রেখেছে।
অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব পালনকালে জামায়াত যে গঠনমূলক সমর্থন, পরামর্শ ও সহযোগিতা প্রদান করেছে, তার জন্যও বিশেষভাবে ধন্যবাদ জানান তিনি। দেশের বর্তমান প্রেক্ষাপট তুলে ধরে অধ্যাপক ইউনূস বলেন, বাংলাদেশ আজ এক গুরুত্বপূর্ণ সময় অতিক্রম করছে। বৈশ্বিক অর্থনীতি, প্রযুক্তিগত রূপান্তর, জলবায়ু পরিবর্তন এবং সামাজিক ন্যায়বিচারের প্রশ্নে বহু চ্যালেঞ্জ ও সম্ভাবনা সামনে রয়েছে। এই প্রেক্ষাপটে গণতন্ত্রকে আরও শক্তিশালী করতে সরকার ও বিরোধী দল উভয়েরই দায়িত্বশীল ভূমিকা অপরিহার্য। তিনি প্রত্যাশা ব্যক্ত করেন যে, জামায়াতে ইসলামী একটি গঠনমূলক ও দায়িত্বশীল বিরোধী শক্তি হিসেবে জাতীয় সংসদ ও রাজনৈতিক অঙ্গনে সক্রিয় ভূমিকা পালন করবে এবং একটি সুস্থ রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলতে সহায়তা করবে।
এস এম/ ১৪ ফেব্রুয়ারি ২০২৬









