ঢাকায় ভারতের পরবর্তী হাই কমিশনার হিসেবে আলোচনায় সন্দীপ চক্রবর্তী

ঢাকা, ১৪ ফেব্রুয়ারি – ঢাকায় ভারতের পরবর্তী হাই কমিশনার হিসেবে কূটনীতিক সন্দীপ চক্রবর্তীর নাম জোরালোভাবে আলোচনায় উঠে এসেছে। ভারতের প্রভাবশালী গণমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ঢাকা ও দিল্লির মধ্যকার বর্তমান সম্পর্কের টানাপড়েন কাটাতে এবং দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে ভারত সরকার এই উদ্যোগ নিতে যাচ্ছে।
১৯৯৬ ব্যাচের ইন্ডিয়ান ফরেন সার্ভিসের কর্মকর্তা সন্দীপ চক্রবর্তী বর্তমানে ইন্দোনেশিয়ায় ভারতের রাষ্ট্রদূত হিসেবে কর্মরত আছেন। এর আগে তিনি ২০১২ থেকে ২০১৫ সাল পর্যন্ত ঢাকায় ভারতীয় দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। বাংলা ভাষায় পারদর্শিতা এবং বাংলাদেশ সম্পর্কে পূর্ব অভিজ্ঞতা থাকায় তাকে এই পদের জন্য বিবেচনা করা হচ্ছে। বর্তমানে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা ২০২২ সালের অক্টোবর থেকে দায়িত্ব পালন করছেন।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, নতুন হাই কমিশনার নিয়োগের আনুষ্ঠানিক প্রক্রিয়া এবং বাংলাদেশের সম্মতি না পাওয়া পর্যন্ত প্রণয় ভার্মা তার পদে বহাল থাকবেন। গত বছরের আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর দুই দেশের সম্পর্কে কিছুটা শীতলতা দেখা দেয়। এই প্রেক্ষাপটে বিএনপির সঙ্গে সম্পর্ক জোরদার এবং কূটনৈতিক যোগাযোগ বাড়াতে একজন অভিজ্ঞ ও বাংলাভাষী কূটনীতিককে ঢাকায় পাঠানোর পরিকল্পনা করছে নয়াদিল্লি। এছাড়া বর্তমান ডেপুটি হাই কমিশনার পবনকুমার বাধে চলতি বছরের শেষ পর্যন্ত ঢাকায় দায়িত্ব পালন করতে পারেন বলে জানা গেছে।
এস এম/ ১৪ ফেব্রুয়ারি ২০২৬









