বাগেরহাটে নির্বাচন পরবর্তী সহিংসতায় স্বতন্ত্র প্রার্থীর সমর্থকের মৃত্যু

বাগেরহাট, ১৪ ফেব্রুয়ারি – বাগেরহাটের কচুয়া উপজেলায় নির্বাচন পরবর্তী সহিংসতায় গুরুতর আহত ওসমান সরদার নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার দুপুর ১২টার দিকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। নিহত ওসমান সরদার বাগেরহাট সদর উপজেলার পাড়নওয়াপাড়া গ্রামের শাহজাহান সরদারের ছেলে এবং তিনি সদ্য সমাপ্ত নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর ঘোড়া প্রতীকের সমর্থক ছিলেন।
এর আগে শুক্রবার রাতে কচুয়া উপজেলার ধোপাখালী ইউনিয়নের ছিটাবাড়ি গ্রামে বিএনপি ও স্বতন্ত্র বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এই ঘটনায় ওসমান সরদারসহ উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন। নিহতের বড় ভাই এনামুল কবির সরদার অভিযোগ করেন যে ধানের শীষ প্রতীকের সমর্থকরা এলাকায় ঘোড়া প্রতীকের সমর্থকদের খুঁজছিল। এক পর্যায়ে কথাকাটাকাটির জেরে প্রতিপক্ষরা ওসমানের মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে বাগেরহাট সদর হাসপাতালে নেওয়া হয় কিন্তু অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে খুলনায় প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার তার মৃত্যু হয়।
বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাসুম খান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান যে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে এবং সংঘর্ষের কারণ ও জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে। উল্লেখ্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-২ আসনে বিএনপি ও বিদ্রোহী প্রার্থীকে পরাজিত করে জামায়াত মনোনীত প্রার্থী শেখ মনজুরুল হক রাহাদ বিজয়ী হয়েছেন।
এ এম/ ১৪ ফেব্রুয়ারি ২০২৬









