জাতীয়

জামায়াত আমির শফিকুর রহমানকে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের অভিনন্দন

ঢাকা, ১৪ ফেব্রুয়ারি – ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মর্যাদাপূর্ণ ফলাফল অর্জন করায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে অভিনন্দন ও ধন্যবাদ জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শনিবার এক বার্তায় প্রধান উপদেষ্টা এই অভিনন্দন জানান।

বার্তায় তিনি উল্লেখ করেন যে নির্বাচনে জামায়াতের দলীয় প্রার্থীদের সক্রিয় অংশগ্রহণ ও প্রতিদ্বন্দ্বিতা ছিল লক্ষণীয়। নির্বাচনের ফলাফল শান্ত ও মর্যাদাপূর্ণভাবে গ্রহণ করার জন্য তিনি জামায়াত আমিরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। ড. ইউনূস বলেন যে নির্বাচনী প্রচার থেকে শুরু করে ফলাফল ঘোষণা পর্যন্ত জামায়াত আমিরের রাজনৈতিক শিষ্টাচার ও দায়িত্বশীল বক্তব্য দেশের পরিস্থিতি স্থিতিশীল রাখতে সহায়তা করেছে।

এছাড়া অন্তর্বর্তী সরকারের দায়িত্ব পালনকালে জামায়াতে ইসলামীর গঠনমূলক সমর্থন ও সহযোগিতার জন্য তিনি বিশেষ ধন্যবাদ জানান। প্রধান উপদেষ্টা উল্লেখ করেন যে বাংলাদেশ বর্তমানে একটি গুরুত্বপূর্ণ সময় পার করছে এবং গণতন্ত্রকে শক্তিশালী করতে সরকার ও বিরোধী দল উভয়েরই দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন। তিনি আশা প্রকাশ করেন যে ডা. শফিকুর রহমানের নেতৃত্বে জামায়াতে ইসলামী সংসদে ও রাজনৈতিক অঙ্গনে একটি গঠনমূলক বিরোধী শক্তি হিসেবে ভূমিকা রাখবে। নীতিগত বিতর্ক ও আইন প্রণয়নে ইতিবাচক রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলার আহ্বান জানিয়ে তিনি জাতীয় ঐক্য সুসংহত রাখার ওপর গুরুত্বারোপ করেন। পরিশেষে তিনি জামায়াত আমিরের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

এস এম/ ১৪ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language