জাতীয়

জনগণ সংস্কারের পক্ষে রায় দিয়েছে, পুরনো ব্যবস্থায় ফিরতে চায় না: আলী রীয়াজ

ঢাকা, ১৪ ফেব্রুয়ারি – প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, বাংলাদেশের নাগরিকরা অত্যন্ত সুস্পষ্ট এবং দ্বিধাহীনভাবে জুলাই জাতীয় সনদের সংবিধান সংস্কারের প্রস্তাবসমূহের অনুকূলে তাদের রায় দিয়েছেন। এই রায় থেকে এটা স্পষ্ট যে, দেশের নাগরিকদের বড় অংশ আর পুরনো ব্যবস্থায় ফিরে যেতে বা স্থিতাবস্থা বহাল রাখতে চান না। তারা রাষ্ট্রব্যবস্থায় আমূল পরিবর্তন ও সংস্কার চান।

শনিবার সকালে ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। গণভোটের আগে জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের দেওয়া ভাষণের উদ্ধৃতি দিয়ে আলী রীয়াজ উল্লেখ করেন, একটি জাতীয় রূপান্তর কখনোই একক সিদ্ধান্ত বা একক শাসনের মাধ্যমে টেকসই হয় না। জনগণই রাষ্ট্রের প্রকৃত শক্তি এবং পরিবর্তনের চূড়ান্ত বৈধতা আসে জনগণের সম্মতি থেকেই।

দেশের ভবিষ্যৎ দিকনির্দেশনা নির্ধারণে জনগণকে সরাসরি সিদ্ধান্ত গ্রহণের সুযোগ দেওয়াই হলো গণতান্ত্রিক পথের মূল ভিত্তি। এই লক্ষ্যেই সরকার গণভোটের আয়োজন করেছে, যাতে দেশের ভবিষ্যৎ সংস্কারের দিশা নির্ধারণে জনগণ সরাসরি নিজেদের মত প্রকাশ করতে পারে। তিনি আরও বলেন, গণভোটে দেওয়া জনগণের রায়কে কেবল সংখ্যার বিবেচনায় দেখলেই হবে না। এই রায় হচ্ছে ২০২৪ সালের জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে যারা প্রাণ দিয়েছেন, আহত হয়েছেন এবং অকুতোভয়ে লড়াই করেছেন, তাদের ওপর অর্পিত দায়িত্বের স্বীকৃতি।

প্রায় ১৬ বছর ধরে চলা নির্যাতন ও হাহাকার যেন আর ফিরে না আসে, সেই বিষয়ে প্রাতিষ্ঠানিক কাঠামো গঠনের জনমত বা আকাঙ্ক্ষার প্রকাশ এই গণভোট। সার্বভৌম জনগণের যে অভিপ্রায়ের প্রকাশ ২০২৪ সালে ঘটেছিল, গণভোটের মধ্যে দিয়ে এই রায় পুনর্বার প্রকাশিত হলো। অধ্যাপক আলী রীয়াজ রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে বলেন, গণভোটের মাধ্যমে সংস্কারের বিষয়ে যে সুস্পষ্ট রায় এসেছে, তা বাস্তবায়নের দায়িত্ব এখন রাজনৈতিক দলগুলোর। রাষ্ট্র সংস্কারের বিষয়ে সকল রাজনৈতিক দল অঙ্গীকারবদ্ধ। তাই আলাপ আলোচনার মাধ্যমে ঐক্যবদ্ধভাবে এই গণরায় বাস্তবায়ন নিশ্চিত করতে হবে।

এস এম/ ১৪ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language