জাতীয়

সংসদ সদস্যদের বেতন ও সুযোগ-সুবিধার বিস্তারিত বিবরণ

ঢাকা, ১৪ ফেব্রুয়ারি – ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জন করেছে বিএনপি এবং গত বৃহস্পতিবার অনুষ্ঠিত এই নির্বাচনে ২৯৭টি আসনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। শুক্রবার নির্বাচিত এমপিদের গেজেট প্রকাশের পর জনপ্রতিনিধিদের প্রাপ্য রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা নিয়ে সাধারণ মানুষের আগ্রহ তৈরি হয়েছে। বাংলাদেশের সংসদ সদস্যরা ‘মেম্বার অব পার্লামেন্ট (রিমিউনারেশন অ্যান্ড অ্যালাউন্সেস) অর্ডার ১৯৭৩’ অনুযায়ী বিভিন্ন ধরনের বেতন ও ভাতা পেয়ে থাকেন। আইন অনুযায়ী একজন সংসদ সদস্য মাসিক ৫৫ হাজার টাকা মূল বেতন পান। এর সঙ্গে নির্বাচনি এলাকা ভাতা হিসেবে মাসে ১২ হাজার ৫০০ টাকা এবং আপ্যায়ন ভাতা হিসেবে ৫ হাজার টাকা প্রদান করা হয়।

পরিবহন সুবিধার আওতায় সংসদ সদস্যরা মাসে ৭০ হাজার টাকা পান যা দিয়ে জ্বালানি ও রক্ষণাবেক্ষণ ব্যয় মেটানো হয়। এছাড়া নির্বাচনি এলাকায় অফিস পরিচালনার জন্য মাসিক ১৫ হাজার টাকা এবং ব্যক্তিগত ব্যবহারের জন্য লন্ড্রি ও বিবিধ খরচ বাবদ আরও সাড়ে ৭ হাজার টাকা বরাদ্দ থাকে। সংসদ সদস্যদের অন্যতম বড় সুবিধা হলো শুল্কমুক্ত গাড়ি আমদানির সুযোগ। তারা মেয়াদকালে শর্তসাপেক্ষে শুল্ক ও কর ছাড়াই একটি গাড়ি বা জিপ আমদানি করতে পারেন।

ভ্রমণ সুবিধার ক্ষেত্রে বার্ষিক ১ লাখ ২০ হাজার টাকা ভাতা অথবা ট্রাভেল পাস ছাড়াও অধিবেশন বা কমিটির সভায় যোগদানের জন্য দৈনিক ভাতা ও যাতায়াত ভাতা প্রদান করা হয়। চিকিৎসার ক্ষেত্রে তারা সরকারি প্রথম শ্রেণির কর্মকর্তাদের সমমানের সুবিধা এবং মাসিক ৭০০ টাকা চিকিৎসা ভাতা পান। নিরাপত্তার জন্য ১০ লাখ টাকার বীমা সুবিধা এবং বছরে ৫ লাখ টাকা পর্যন্ত ঐচ্ছিক অনুদান ব্যবহারের সুযোগ রয়েছে। এছাড়া মাসিক টেলিফোন বিল বাবদ ৭ হাজার ৮০০ টাকা বরাদ্দ থাকে এবং প্রাপ্ত এসব ভাতার ওপর কোনো আয়কর দিতে হয় না।

এসএএস/ ১৪ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language