ক্যারিবীয় সাগরে মার্কিন সামরিক হামলায় নিহত ৩, মোট প্রাণহানি ১৩৩

ক্যারিবিয়ান সাগর, ১৪ ফেব্রুয়ারি – ক্যারিবিয়ান সাগরে একটি নৌকায় হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। এই ঘটনায় তিনজন নিহত হয়েছেন। ২০২৫ সালের সেপ্টেম্বর মাস থেকে ওই অঞ্চলে বিভিন্ন জাহাজ ও নৌকা লক্ষ্য করে মার্কিন বাহিনী নিয়মিত বিমান হামলা চালিয়ে আসছে।
এখন পর্যন্ত এসব হামলায় অন্তত ১৩৩ জন নিহতের খবর পাওয়া গেছে। লাতিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলে সামরিক অভিযান তদারকিকারী মার্কিন দক্ষিণ কমান্ড বা সাউথকম জানিয়েছে, শুক্রবার মার্কিন বাহিনী একটি প্রাণঘাতী হামলা পরিচালনা করে। এতে তিনজনের মৃত্যু হয়। মার্কিন সামরিক বাহিনী দাবি করেছে, তারা মূলত মাদক পাচারে সন্দেহভাজন ব্যক্তিদের লক্ষ্য করেই এসব হামলা চালাচ্ছে।
তবে আন্তর্জাতিক আইন ও মানবাধিকার বিশেষজ্ঞরা এই ধরনের কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করেছেন। তাদের মতে লক্ষ্যবস্তুতে থাকা ব্যক্তিদের বিরুদ্ধে মাদক পাচারের অভিযোগ থাকলেও, আদালতের বিচার ছাড়া এভাবে হামলা চালিয়ে হত্যা করা বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শামিল। পর্যবেক্ষক সংস্থা এবং বিভিন্ন গণমাধ্যমের পরিসংখ্যান অনুযায়ী, যুক্তরাষ্ট্র সম্প্রতি পূর্ব প্রশান্ত মহাসাগরীয় ও ক্যারিবীয় সাগরে অন্তত ৪০টি জাহাজের বিরুদ্ধে প্রায় ৩৮টি হামলা চালিয়েছে।
এস এম/ ১৪ ফেব্রুয়ারি ২০২৬




