গাজীপুরের কোনাবাড়ীতে ঝুট গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট

গাজীপুর, ১৩ ফেব্রুয়ারি – গাজীপুরের কোনাবাড়ীতে একটি ঝুটের গুদামে ভয়াবহ আগুন লেগেছে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গাজীপুর মহানগরের কোনাবাড়ী থানার আমবাগ এলাকায় এ আগুনের ঘটনা ঘটে।
জানা যায়, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কোনাবাড়ীর আমবাগ ঈদগাহ মাঠের পাশের একটি ঝুটের গুদামে হঠাৎ আগুন ধরে যায়। আগুন দেখতে পেয়ে আশপাশের মানুষ দ্রুত এসে আগুন নেভানোর চেষ্টা করে। কিন্তু এর মধ্যেই আগুন চারদিকে ছড়িয়ে পড়লে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। খবর পেয়ে কোনাবাড়ী মর্ডান ও চৌরাস্তা ফায়ার সার্ভিসের চারটি ইউনিট সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
গাজীপুর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. মামুন বলেন, আগুনের খবর পাওয়ার পর আমরা দ্রুত ঘটনাস্থলে এসে কাজ করছি। গুদামে অনেক ঝুট থাকায় আগুনের তীব্রতা বেশি হয়েছে। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এলে ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুন লাগার কারণ জানা যাবে।
এনএন/ ১৩ ফেব্রুয়ারি ২০২৬









