জাতীয়

খুলনা-৫: ফলাফলে অসঙ্গতির অভিযোগে ভোট পুনর্গণনার কথা ভাবছেন গোলাম পরওয়ার

খুলনা, ১৩ ফেব্রুয়ারি – ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের খুলনা-৫ আসনের ফলাফল নিয়ে অসঙ্গতির অভিযোগ তুলেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। আইনি ভিত্তি পাওয়া গেলে ভোট পুনর্গণনার আবেদন করার পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি। একইসঙ্গে বাতিল হওয়া প্রায় ছয় হাজার ভোটের যৌক্তিকতা যাচাইয়ের দাবিও তুলেছেন এই রাজনীতিবিদ।

শুক্রবার গণমাধ্যমে দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, গণতান্ত্রিক ব্যবস্থায় নির্বাচনই ক্ষমতা হস্তান্তরের একমাত্র বৈধ পথ এবং তার দল সবসময় নির্বাচনমুখী।

সুষ্ঠু নির্বাচনের জন্য প্রশাসন ও নির্বাচন কমিশনকে সর্বাত্মক সহযোগিতা করার কথাও উল্লেখ করেন তিনি।

গোলাম পরওয়ার জানান, চূড়ান্ত সরকারি ফলাফল ঘোষণা না হলেও বেসরকারি ফলাফলের সঙ্গে বিভিন্ন নথিপত্র মিলিয়ে দেখা হচ্ছে। রিটার্নিং অফিসার ও প্রিসাইডিং অফিসারদের দেওয়া ফলাফলের শিট এবং জেলা প্রশাসকের কার্যালয়ের তথ্যের মধ্যে কিছু অসঙ্গতি পরিলক্ষিত হয়েছে।

বিশেষ করে প্রায় ১৫০টি কেন্দ্রের ফলাফলে গড়মিল পাওয়া গেছে বলে দাবি করেন তিনি। সামান্য ভোটের ব্যবধানে ফলাফল নির্ধারিত হওয়ায় বিষয়টি গুরুত্বসহকারে যাচাই করা হচ্ছে।

তিনি আরও উল্লেখ করেন, নির্বাচনে প্রায় ছয় হাজার ভোট বাতিল করা হয়েছে। এই বিপুল সংখ্যক ভোট বাতিলের কারণ ও আইনি যৌক্তিকতা খতিয়ে দেখা প্রয়োজন। কোথাও ওভাররাইটিং বা গণনায় ত্রুটি থাকলে তা সংশোধনের জন্য পুনর্গণনার আবেদন বিবেচনাধীন রয়েছে। প্রায় দেড় লাখ ভোটার তাকে ভোট দেওয়ায় ডুমুরিয়া ও ফুলতলার মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

তিনি জানান, জয় পরাজয় রাজনীতির অংশ হলেও তিনি নিজেকে নৈতিকভাবে বিজয়ী মনে করেন, কারণ তিনি কোনো অসৎ উপায় বা পেশিশক্তির আশ্রয় নেননি। এছাড়া এবারের নির্বাচনে সাধারণ ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সুষ্ঠু পরিবেশের জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান জামায়াতের এই নেতা।

এনএন/ ১৩ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language