জাতীয়

গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত, ইসির চূড়ান্ত বেসরকারি ফলাফল ঘোষণা

ঢাকা, ১৩ ফেব্রুয়ারি – ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে অনুষ্ঠিত গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে বিপুল জনসমর্থন প্রতিফলিত হয়েছে। নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত চূড়ান্ত বেসরকারি ফলাফল অনুযায়ী, গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত হয়েছে। প্রাপ্ত ফলাফলে দেখা যায়, ‘হ্যাঁ’ সূচক ভোট পড়েছে ৪ কোটি ৮০ লাখ ৭৪ হাজার ৪২৯টি। এর বিপরীতে ‘না’ ভোট পড়েছে ২ কোটি ২৫ লাখ ৬৫ হাজার ৬২৭টি। এছাড়া ত্রুটিপূর্ণ হওয়ার কারণে ৭৪ লাখ ২ হাজার ২৮৫টি ভোট বাতিল বলে গণ্য করা হয়েছে।

শুক্রবার বেলা আড়াইটার পর নির্বাচন কমিশন ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়।

ইসি সচিব আখতার আহমেদ আনুষ্ঠানিকভাবে এই তথ্য জানিয়ে বলেন, এবারের নির্বাচনে ভোট প্রদানের হার ছিল ৬০ দশমিক ২৬ শতাংশ। নির্বাচনের ২৯৯টি আসনের মধ্যে ২৯৭টির চূড়ান্ত ফলাফলে দেখা গেছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি এককভাবে ২০৯টি আসনে জয়লাভ করেছে। অন্যদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী এককভাবে ৬৮টি আসন নিশ্চিত করে সংসদে তাদের অবস্থান সুদৃঢ় করেছে।

বিএনপির নেতৃত্বাধীন জোট সব মিলিয়ে ২১২টি আসনে জয়ী হয়েছে। এর মধ্যে জোটের শরিক দল জাতীয় নাগরিক পার্টি ৬টি, বাংলাদেশ খেলাফত মজলিশ ২টি এবং খেলাফত মজলিশ ১টি আসনে জয়লাভ করেছে। এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ, গণঅধিকার পরিষদ, আন্দালিভ রহমান পার্থর নেতৃত্বাধীন বিজেপি এবং জুনায়েদ সাকির গণসংহতি আন্দোলন প্রত্যেকে ১টি করে আসন পেয়েছে।

নির্বাচনের এই ফলাফলের মধ্য দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদে বিএনপি ও তাদের জোটের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত হয়েছে।

এনএন/ ১৩ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language