কোটালীপাড়া-টুঙ্গিপাড়াকে শান্তি-সম্প্রীতির আবাসভূমি হিসেবে গড়ে তোলার প্রত্যয় জিলানীর

গোপালগঞ্জ, ১৩ ফেব্রুয়ারি – গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) আসনে ধানের শীষ প্রতীক নিয়ে নবনির্বাচিত সংসদ সদস্য এস এম জিলানী বলেছেন, ভোটারদের দেওয়া প্রতিশ্রুতি রক্ষায় তিনি নিরলসভাবে কাজ করবেন। শুক্রবার টুঙ্গিপাড়ায় নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
তিনি উল্লেখ করেন, নির্বাচনের সময় তিনি মানুষের দ্বারে দ্বারে গিয়েছেন এবং সাধারণ মানুষ তাকে আপন ভাই ও ঘরের মানুষ হিসেবে গ্রহণ করেছেন। অনেক বাধা ও ভয়ভীতি উপেক্ষা করে এলাকাবাসী তাকে ভোট দিয়ে নির্বাচিত করায় তিনি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। উন্নয়নের পরিকল্পনা সম্পর্কে এস এম জিলানী জানান, তিনি এলাকায় প্রচলিত উন্নয়নের ধারা অব্যাহত রাখার পাশাপাশি কর্মমুখী উন্নয়নের ওপর জোর দেবেন।
বিশেষ করে মাদক নির্মূল, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা এবং নারী উন্নয়নে কাজ করার মাধ্যমে কোটালীপাড়া ও টুঙ্গিপাড়াকে শান্তি ও সম্প্রীতির আবাসভূমি হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। রাজনৈতিক প্রতিপক্ষের উদ্দেশে তিনি ইতিবাচক রাজনীতির আহ্বান জানিয়ে বলেন, জনগণের কাছে গ্রহণযোগ্য রাজনীতি করলে তাদের স্বাগত জানানো হবে। উল্লেখ্য, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন হিসেবে পরিচিত এই আসনে এস এম জিলানী ৬০ হাজার ৯৯১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, যেখানে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী গোবিন্দ চন্দ্র প্রামাণিক পেয়েছেন ৩৪ হাজার ৩৩৯ ভোট।
এস এম/ ১৩ ফেব্রুয়ারি ২০২৬









