ভোলার চারটি আসনেই জামায়াতকে হারিয়ে বিএনপি জোটের বিপুল জয়

ভোলা, ১৩ ফেব্রুয়ারি – ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলার চারটি সংসদীয় আসনেই জামায়াতে ইসলামীর প্রার্থীদের পরাজিত করে বিএনপি ও তাদের জোটের প্রার্থীরা বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করেছেন। শুক্রবার ১৩ ফেব্রুয়ারি ভোর ৪টার দিকে ভোলার জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে এই ফলাফল ঘোষণা করা হয়। জেলা রিটার্নিং কর্মকর্তা ডা. শামীম রহমান নির্বাচনের প্রাথমিক বেসরকারি ফলাফলে বিজয়ীদের নাম ঘোষণা করেন। ভোলা ১ বা সদর আসনে বিএনপি জোটের শরিক বাংলাদেশ জাতীয় পার্টির বা বিজেপির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ গরুর গাড়ি প্রতীকে ১ লাখ ৫ হাজার ৫৪৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যক্ষ নজরুল ইসলাম দাঁড়িপাল্লা প্রতীকে ৭৫ হাজার ৩৭৩ ভোট পেয়েছেন।
এই আসনটিতে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৬ হাজার ৫৬৭ জন এবং এর মধ্যে ভোট দিয়েছেন ২ লাখ ১৩ হাজার ১৮১ জন যা মোট ভোটের ৫২ দশমিক ৪৩ শতাংশ। ভোলা ২ বা দৌলতখান ও বোরহানউদ্দিন আসনে বিএনপির প্রার্থী মো. হাফিজ ইব্রাহিম ধানের শীষ প্রতীকে ১ লাখ ১৯ হাজার ৮৫ ভোট পেয়ে দ্বিতীয় বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা ফজলুল করিম দাঁড়িপাল্লা প্রতীকে ৯৩ হাজার ৭০৩ ভোট পেয়েছেন এবং এ আসনে ৫৬ দশমিক ০৪ শতাংশ ভোট পড়েছে। ভোলা ৩ বা লালমোহন ও তজুমদ্দিন আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন বীরবিক্রম ধানের শীষ প্রতীকে ১ লাখ ৪৫ হাজার ৯৯০ ভোট পেয়ে সপ্তমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের ১১ দলীয় জোটের বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির প্রার্থী মুহা. নিজামুল হক নাঈম ফুলকপি প্রতীকে ৫৭ হাজার ৩৫১ ভোট পেয়েছেন।
ভোলা ৪ বা চরফ্যাশন ও মনপুরা আসনে বিএনপির প্রার্থী যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন ধানের শীষ প্রতীকে ১ লাখ ৮৯ হাজার ৩৫১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী মোহাম্মদ মোস্তফা কামাল দাঁড়িপাল্লা প্রতীকে ৮১ হাজার ৪৩৭ ভোট পেয়েছেন। ভোলার এই চারটি আসনে গণভোটে হ্যাঁ সূচক ভোট পড়েছে ৪ লাখ ৮৫ হাজার ৮১৯টি এবং না সূচক ভোট পড়েছে ২ লাখ ১ হাজার ৬৬৫টি।
এ এম/ ১৩ ফেব্রুয়ারি ২০২৬









