ঢাকা-১৩ আসনে ২ হাজার ৩২০ ভোটে মামুনুল হককে হারালেন ববি হাজ্জাজ

ঢাকা-১৩, ১৩ ফেব্রুয়ারি – ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৩ আসনে তীব্র প্রতিদ্বন্দ্বিতার পর বিজয়ী হয়েছেন বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী ববি হাজ্জাজ। এই আসনে জামায়াতে ইসলামী সমর্থিত ১১–দলীয় জোটের প্রার্থী মামুনুল হক ২ হাজার ৩২০ ভোটের ব্যবধানে পরাজিত হয়েছেন।
নির্বাচন কমিশন ঘোষিত বেসরকারি ফলাফল অনুযায়ী, ববি হাজ্জাজ মোট ৮৮ হাজার ৩৮৭ ভোট পেয়েছেন। অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মামুনুল হক পেয়েছেন ৮৬ হাজার ৬৭টি ভোট। ভোট গণনা শুরু হওয়ার পর থেকেই উভয় প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই পরিলক্ষিত হয়। বিভিন্ন কেন্দ্রের ফলাফল ঘোষণার সাথে সাথে ভোটের ব্যবধান ওঠানামা করতে থাকে। তবে চূড়ান্ত ফলাফলে স্বল্প ব্যবধানে জয় নিশ্চিত করেন ববি হাজ্জাজ। উল্লেখ্য, ঢাকা-১৩ আসনে এবারের নির্বাচন নিয়ে ভোটার ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ ছিল এবং দুই প্রার্থীর সমর্থকদের সরব উপস্থিতি মাঠপর্যায়ে উত্তাপ ছড়িয়েছিল।
এস এম/ ১৩ ফেব্রুয়ারি ২০২৬









