নির্বাচনী বাজিতে হেরে বিজয়ীর হাতে মহিষ তুলে দিলেন পরাজিত ব্যক্তি

নালিতাবাড়ী, ১৩ ফেব্রুয়ারি – শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার ১২ নম্বর কলসপাড় ইউনিয়নে নির্বাচনী ফলাফলকে কেন্দ্র করে এক ব্যতিক্রমী আনন্দ উদযাপনের ঘটনা ঘটেছে। শেরপুর ২ আসনের নির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রার্থী বিজয়ী হওয়ার পর পূর্বনির্ধারিত বাজির শর্ত অনুযায়ী পরাজিত পক্ষ বিজয়ী পক্ষের হাতে একটি মহিষ তুলে দিয়েছেন। জানা গেছে কলসপাড় ইউনিয়নের উত্তর নাকশী গ্রামের ষাট বছর বয়সী আব্দুর মান্নান এবং বালুঘাটা গ্রামের পঁয়তাল্লিশ বছর বয়সী আমীর হোসেন নির্বাচনের আগে এই বাজি ধরেছিলেন।
তাদের মধ্যে শর্ত ছিল যে জামায়াত সমর্থিত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী গোলাম কিবরিয়া জয়ী হলে আব্দুর মান্নান পাঁচটি মহিষ আমীর হোসেনকে দেবেন। অপরদিকে ধানের শীষ প্রতীকের প্রার্থী জয়ী হলে আমীর হোসেন একটি মহিষ আব্দুর মান্নানকে দেবেন যা দিয়ে এলাকাবাসীকে আপ্যায়ন করা হবে। গতকাল শেরপুর ২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী প্রকৌশলী ফাহিম চৌধুরী ধানের শীষ প্রতীকে ১০ হাজার ১৪০ ভোটের ব্যবধানে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। ফলাফল ঘোষণার পর আজ স্থানীয়দের নিয়ে বাদ্যযন্ত্র বাজিয়ে এবং নাচ গান করে উৎসবমুখর পরিবেশে মহিষটি উত্তর নাকশী এলাকায় নিয়ে আসেন বিজয়ী আব্দুর মান্নান। কলসপাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মজিদ জানিয়েছেন যে এ ধরনের ব্যতিক্রমী আনন্দ উদযাপন এলাকায় সৌহার্দ্য ও সম্প্রীতির একটি অনন্য দৃষ্টান্ত।
বিজয়ী আব্দুর মান্নান জানান ধানের শীষ প্রতীকের জয়ে তারা অত্যন্ত আনন্দিত এবং নির্বাচনের সময় গ্রামগঞ্জের মানুষ এভাবেই আনন্দ উল্লাসে মেতে ওঠে। তিনি আরও জানান বাজিতে জেতার পর এখন মহিষ জবাই করে এলাকাবাসীকে দাওয়াত করে খাওয়াবেন। অন্যদিকে বাজিতে হেরে যাওয়া আমীর হোসেন জানান যে তারা কেবল আনন্দের জন্যই এই বাজি ধরেছিলেন এবং হেরে গেলেও তিনি খুশি মনেই প্রতিশ্রুত মহিষটি হস্তান্তর করেছেন।
এ এম/ ১৩ ফেব্রুয়ারি ২০২৬









