দেবিদ্বারে চাঁদাবাজি ও দুর্নীতির কবর ঘোষণা করলেন হাসনাত আবদুল্লাহ

কুমিল্লা-৪, ১৩ ফেব্রুয়ারি – কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বিজয়ী হয়েছেন। শাপলা কলি প্রতীকে তিনি ওই আসনের ১১৬টি কেন্দ্রের সবকটিতেই জয়লাভ করেন। বিজয়ের পর বৃহস্পতিবার গভীর রাতে সমর্থকদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে তিনি এলাকা থেকে চাঁদাবাজি ও দুর্নীতির চিরস্থায়ী অবসানের ঘোষণা দেন।
তিনি স্পষ্ট জানিয়ে দেন যে দেবিদ্বারের সরকারি অফিস ও আদালতে এখন থেকে আর কোনো প্রকার ঘুষ বা দুর্নীতি চলবে না। নবনির্বাচিত এই জনপ্রতিনিধি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, যারা সরকারি চাকরি করতে আসবেন তারা যেন ঘুষ ও দুর্নীতির চিন্তা বাদ দিয়ে আসেন। এলাকায় টেন্ডারবাজি সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করে তিনি বলেন, অন্যায় আবদার নিয়ে নিজের বাবা আসলেও তাকে ছাড় দেওয়া হবে না। তার নাম বা ছবি ব্যবহার করে কেউ অনিয়ম করলে তাকে পুলিশে সোপর্দ করার আহ্বান জানান তিনি। তিনি আশ্বস্ত করেন যে যারা তার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছেন তাদের ওপর কোনো প্রতিশোধ নেওয়া হবে না বরং তিনি সবাইকে নিয়ে একটি ইনসাফভিত্তিক সমাজ গড়তে চান। ব্যবসায়ী, পরিবহন শ্রমিক ও সাধারণ মানুষের উদ্দেশ্যে হাসনাত আবদুল্লাহ বলেন, এখন থেকে সরকারি নির্ধারিত ফি ছাড়া কোথাও এক পয়সাও চাঁদা দিতে হবে না। কেউ চাঁদা দাবি করলে তাকে আটক করে পুলিশে খবর দেওয়ার পরামর্শ দেন তিনি। সরকারি কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উদ্দেশ্যে তিনি বলেন, সরকারের বেতন ভাতার বাইরে কোনো অনিয়ম করার সুযোগ আর থাকবে না।
মাদক ও বালু উত্তোলনের বিরুদ্ধে কঠোর অবস্থান ব্যক্ত করে তিনি বলেন, রাজনৈতিক ছত্রছায়ায় এতদিন যে মাদক সিন্ডিকেট চলত তা আর হতে দেওয়া হবে না। গোমতী নদী থেকে নিয়মবহির্ভূতভাবে মাটি কাটা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তবে যারা অতীত কর্মকাণ্ড থেকে সরে এসে ভালো পথে ফিরতে চান, তাদের কর্মসংস্থানের ব্যবস্থা বা প্রয়োজনে রিকশা ভ্যান কিনে দেওয়ার আশ্বাসও দেন তিনি।
এ এম/ ১৩ ফেব্রুয়ারি ২০২৬









