জাতীয়

জামানত হারালেন হেভিওয়েট প্রার্থী মাহমুদুর রহমান মান্না

বগুড়া, ১৩ ফেব্রুয়ারি – বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হেভিওয়েট প্রার্থী হিসেবে আলোচনায় থাকলেও শেষ পর্যন্ত নিজের জামানত রক্ষা করতে পারেননি মাহমুদুর রহমান মান্না, যিনি নাগরিক ঐক্যের সভাপতি। নির্বাচনে তিনি কেটলি প্রতীকে মাত্র ৩ হাজার ৪২৬ ভোট পেয়েছেন।

জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রাপ্ত ফলাফলের বিশ্লেষণে দেখা গেছে, এই আসনে মোট বৈধ ভোট পড়েছে ২ লাখ ৪৩ হাজার ৮০২টি। নির্বাচনী আইন অনুযায়ী কোনো প্রার্থীর জামানত রক্ষার জন্য মোট বৈধ ভোটের অন্তত ১২.৫ শতাংশ বা আট ভাগের এক ভাগ ভোট প্রয়োজন। সেই হিসেবে বগুড়া-২ আসনে জামানত টিকিয়ে রাখতে মান্নার প্রয়োজন ছিল ৩০ হাজার ৪৭৬ ভোট। কিন্তু তিনি মাত্র ১.৪ শতাংশ ভোট পেয়েছেন।

নির্বাচনের আগে রাজনৈতিক মহলে বলা হচ্ছিল, এই আসনটি মাহমুদুর রহমান মান্নাকে ছেড়ে দিতে পারে বিএনপি। তবে শেষ পর্যন্ত দলটি জোট হিসেবে না গিয়ে নিজেদের প্রার্থী মীর শাহে আলম-কে মনোনয়ন দেয়। আসনটি না ছেড়ে মান্না নাগরিক ঐক্যের নিজস্ব প্রতীক কেটলি নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন।

উল্লেখ্য, এই আসনে ১ লাখ ৪৫ হাজার ২৪ ভোট পেয়ে বিজয়ী হন বিএনপির মীর শাহে আলম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী মাওলানা শাহাদাতুজ্জামান পেয়েছেন ৯৩ হাজার ৫৪৮ ভোট। আসনে মোট ভোটারের ৭২.৬৩ শতাংশ ভোট পড়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, বড় দলগুলোর দলীয় প্রার্থী থাকায় এবং শেষ মুহূর্তে সমঝোতা না হওয়ায় ভোটের মাঠে মাহমুদুর রহমান মান্না তেমন প্রভাব ফেলতে পারেননি, যা ফলাফলে প্রতিফলিত হয়েছে।

এ বিষয়ে মান্নার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার ফোন বন্ধ পাওয়া গেছে।

এনএন/ ১৩ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language