জাতীয়

সিলেটের ৬ আসনের মধ্যে ৫টিতে বিএনপি, ১টিতে খেলাফত মজলিস জয়ী

ঢাকা, ১৩ ফেব্রুয়ারি – সিলেটের নির্বাচনী রাজনীতিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বড় জয় পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। জেলার মোট ছয়টি সংসদীয় আসনের মধ্যে পাঁচটিতে তাদের প্রার্থীরা জিতেছেন, আর বাকি একটি আসনে জয় পেয়েছেন খেলাফত মজলিস মনোনীত প্রার্থী।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত আড়াইটার দিকে জেলা রিটার্নিং কর্মকর্তা নির্বাচনের এই চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন।

সিলেটের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ সারওয়ার আলম জেলা প্রশাসক কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করেন।

এর আগে বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত জেলার ১ হাজার ১১৬টি কেন্দ্রে একসঙ্গে বিরতিহীনভাবে ভোটগ্রহণ হয়। আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তার মধ্যেই ভোট শেষ হয়, যদিও নির্বাচনের আগে প্রশাসন ১৯৮টি কেন্দ্রকে গুরুত্বপূর্ণ বা ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছিল।

ঘোষিত ফল অনুযায়ী সিলেটের ছয়টি আসনের চিত্র নিচে দেওয়া হলো–

সিলেট-১ (সদর-সিটি কর্পোরেশন) : এই আসনে বিএনপির খন্দকার আবদুল মুক্তাদীর ১ লাখ ৭৬ হাজার ৯৩৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী-র মাওলানা হাবিবুর রহমান পেয়েছেন ১ লাখ ৩৪ হাজার ৯৮৩ ভোট।

সিলেট-২ (ওসমানীনগর ও বিশ্বনাথ) : বিএনপির তাহসিনা রুশদীর লুনা ১ লাখ ১৭ হাজার ৯৫৬ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী খেলাফত মজলিসের মুহাম্মদ মুনতাছির আলী পেয়েছেন ৩৮ হাজার ৬৩৫ ভোট।

সিলেট-৩ (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ) : এ আসনে বিএনপির এম এ মালিক ১ লাখ ১৫ হাজার ৪৫০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ খেলাফত মজলিসের মুসলেহ উদ্দিন রাজু পেয়েছেন ৭৫ হাজার ৬৭৪ ভোট।

সিলেট-৪ (কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট ও জৈন্তাপুর) : বিএনপির আরিফুল হক চৌধুরী ১ লাখ ৮৬ হাজার ৮৪১ ভোট পেয়ে বড় ব্যবধানে জিতেছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো. জয়নাল আবেদীন পেয়েছেন ৭১ হাজার ৩৯১ ভোট।

সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) : এই আসনে জয় পেয়েছেন খেলাফত মজলিসের মুফতি আবুল হাসান। তিনি পেয়েছেন ৭৯ হাজার ৩৫৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জমিয়তে উলামায়ে ইসলাম-এর ওবায়দুল্লাহ ফারুক পেয়েছেন ৬৯ হাজার ৭৭৪ ভোট।

সিলেট-৬ (বিয়ানীবাজার ও গোলাপগঞ্জ) : বিএনপির এমরান আহমদ চৌধুরী ১ লাখ ৯ হাজার ৯১৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো. সেলিম উদ্দিন পেয়েছেন ১ লাখ ১ হাজার ৫৬৯ ভোট।

নির্বাচন কমিশন ও স্থানীয় প্রশাসন জানিয়েছে, শান্তিপূর্ণ পরিবেশে ভোট শেষ করতে সেনাবাহিনীর পাশাপাশি বিজিবি, র‍্যাব ও পুলিশ সদস্যরা মাঠে সক্রিয় ছিলেন।

এনএন/ ১৩ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language