২৯৭ আসনের ফল ঘোষণা করল ইসি, স্থগিত চট্টগ্রাম-২ ও ৪

ঢাকা– ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ২৯৭টি আসনের আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। তবে চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম-৪ আসনের ফলাফল ঘোষণা আপাতত স্থগিত রাখা হয়েছে। শুক্রবার রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন সচিবালয়ে ফল ঘোষণার সমাপনী বক্তব্যে ইসি সচিব আখতার আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।
নির্বাচন কমিশন জানিয়েছে, স্থগিত থাকা দুটি আসনের বিষয়ে প্রয়োজনীয় কার্যক্রম শেষে কমিশন পরবর্তী সিদ্ধান্ত জানাবে। ইসি সচিব জানান, নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করেই ২৯৭টি আসনের ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে। ঘোষিত ফলাফলের মধ্য দিয়ে আনুষ্ঠানিক ফল ঘোষণা কার্যক্রমের সমাপ্তি হয়েছে বলে উল্লেখ করেন তিনি। সমাপনী বক্তব্যে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রশাসন, গণমাধ্যমকর্মী এবং সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ইসি সচিব।
তিনি বলেন, সবার সহযোগিতা ও ধৈর্যের মধ্য দিয়ে পুরো প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এবং এই ধৈর্যের পরীক্ষায় সবাই উত্তীর্ণ হয়েছেন। উল্লেখ্য, এর আগে শেরপুর-২, চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম-৪ আসনের ভোটের ফল ঘোষণা স্থগিত রাখার বিষয়ে তিনটি পৃথক চিঠি জারি করেছিল কমিশন। আদালতে মামলা চলমান থাকায় এসব আসনের ফল ঘোষণা স্থগিতের কথা বলা হলেও, শেষ পর্যন্ত শেরপুর-২ আসনের ফল ঘোষণা করা হয়েছে। তবে আপাতত এই একটি আসনের গেজেট প্রকাশ না করার সিদ্ধান্ত নিয়েছে ইসি।
এস এম/ ১৩ ফেব্রুয়ারি ২০২৬









