জাতীয়

জাতি হিসেবে আমরা চূড়ান্তভাবে বিজয়ী হয়েছি: নির্বাচন কমিশনার সানাউল্লাহ

ঢাকা, ১৩ ফেব্রুয়ারি – ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করেছে যে জাতি হিসেবে আমরা চূড়ান্তভাবে বিজয়ী হয়েছি। শুক্রবার বেলা ১১টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আনুষ্ঠানিক ফল প্রকাশনা অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ এ মন্তব্য করেন।

সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, জাতির কাছে নিরপেক্ষ নির্বাচনের যে প্রতিজ্ঞা ছিল তা রক্ষায় কমিশন শতভাগ চেষ্টা করেছে। দেশবাসী এই বিশাল আয়োজনে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেওয়ায় তাদের প্রতি একান্ত কৃতজ্ঞতা জ্ঞাপন করেন তিনি। তিনি উল্লেখ করেন, নির্বাচন কমিশন এই দায়িত্বকে কেবল একটি অনুষ্ঠান হিসেবে নয় বরং পবিত্র আমানত হিসেবে গ্রহণ করেছিল।

নির্বাচন নিয়ে যেসব শঙ্কা বা অশনিসংকেত ছিল, ভোটের জোয়ারে সেসব ভেসে গেছে বলে তিনি মন্তব্য করেন। বাংলাদেশের গণতন্ত্র যেন আর কখনও তার নির্দিষ্ট কক্ষপথ থেকে বিচ্যুত না হয়, সেই আশাবাদ ব্যক্ত করেন নির্বাচন কমিশনার। তিনি বলেন, এই নির্বাচন ভবিষ্যতে আরও ভালো নির্বাচন আয়োজনের জন্য একটি আদর্শ হয়ে থাকবে। এ সময় ব্রিফিংয়ে ইসি সচিবালয়ের সিনিয়র সচিব ড. আখতার আহমেদসহ নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এস এম/ ১৩ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language