টাঙ্গাইলের ৮টির মধ্যে ৭ আসনেই বিএনপির জয়, ১টিতে স্বতন্ত্র প্রার্থীর বাজিমাত

টাঙ্গাইল, ১৩ ফেব্রুয়ারি – টাঙ্গাইলের মোট আটটি সংসদীয় আসনের মধ্যে সাতটিতেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপির মনোনীত প্রার্থীরা বিজয়ী হয়েছেন এবং বাকি একটি আসনে জয়লাভ করেছেন বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী। বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারি রাতে ভোট গণনা শেষে জেলা রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে এই বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়।
ঘোষিত ফলাফলে দেখা যায় টাঙ্গাইল ১ মধুপুর ও ধনবাড়ী আসনে বিএনপির প্রার্থী ফকির মাহবুব আনাম ১ লাখ ৫৩ হাজার ৯৩২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী আব্দুল্লাহেল কাফী পেয়েছেন ৯৪ হাজার ৪৬২ ভোট। এই আসনের ১৪৯টি কেন্দ্রের সবকটির ফলাফল ঘোষণা করা হয়েছে যেখানে গণভোটে হ্যাঁ ভোট পড়েছে ১ লাখ ৬০ হাজার ৫০৬টি এবং না ভোট পড়েছে ৯২ হাজার ৮৭৮টি। টাঙ্গাইল ২ গোপালপুর ও ভূঞাপুর আসনে ধানের শীষ প্রতীকে বিএনপির প্রার্থী অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু ১ লাখ ৯৮ হাজার ২১৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর হুমায়ুন কবির দাঁড়িপাল্লা প্রতীকে ৬০ হাজার ৮৭১ ভোট পেয়েছেন। এই আসনে পোস্টাল ভোটসহ ১৩৯টি কেন্দ্রের ফলাফলে হ্যাঁ ভোট ১ লাখ ৬২ হাজার ৬০ এবং না ভোট ৭৪ হাজার ৮৭৫।
টাঙ্গাইল ৩ ঘাটাইল আসনে বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী লুৎফর রহমান খান আজাদ মোটরসাইকেল প্রতীকে ১ লাখ ৭ হাজার ৯০১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন এবং তার প্রতিদ্বন্দ্বী বিএনপির এসএম ওবায়দুল হক নাসির পেয়েছেন ৮২ হাজার ৭৬৯ ভোট। এখানে ১২৩টি কেন্দ্রের ফলাফলে হ্যাঁ ভোট ১ লাখ ৪২ হাজার ৯৮৩ এবং না ভোট ৬৪ হাজার ৯২৪। টাঙ্গাইল ৪ কালিহাতী আসনে বিএনপির লুৎফর রহমান মতিন ১ লাখ ৫ হাজার ৩৪২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন এবং স্বতন্ত্র প্রার্থী আবদুল লতিফ সিদ্দিকী পেয়েছেন ৬২ হাজার ৫০৯ ভোট। এই আসনে ১১৫টি কেন্দ্রের ফলাফলে হ্যাঁ ভোট ১ লাখ ৩৩ হাজার ২১০ এবং না ভোট ৬৪ হাজার ৭১১। টাঙ্গাইল ৫ সদর আসনে বিএনপির সুলতান সালাউদ্দিন ১ লাখ ৩১ হাজার ২৭৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন এবং নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর আহসান হাবিব মাসুদ পেয়েছেন ৮০ হাজার ২৮৩ ভোট। এখানে ১৩১টি কেন্দ্রের ফলাফলে হ্যাঁ ভোট ১ লাখ ৮৬ হাজার ৮৩৩ এবং না ভোট ৭৩ হাজার ২৬৯। টাঙ্গাইল ৬ নাগরপুর ও দেলদুয়ার আসনে বিএনপির রবিউল আওয়াল ১ লাখ ৫০ হাজার ৯৫২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন এবং জামায়াতে ইসলামীর একেএম আব্দুল হামিদ পেয়েছেন ৯১ হাজার ৯১৪ ভোট। এই আসনে ১৫৫টি কেন্দ্রের ফলাফলে হ্যাঁ ভোট ১ লাখ ৮২ হাজার ৬০১ এবং না ভোট ৬৯ হাজার ১৫৮।
টাঙ্গাইল ৭ মির্জাপুর আসনে বিএনপির আবুল কালাম আজাদ সিদ্দিকী ১ লাখ ৪১ হাজার ২৫৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন এবং জামায়াতে ইসলামীর আব্দুল্লাহ ইবনে আবুল হোসেন পেয়েছেন ৭১ হাজার ৪০ ভোট। এখানে ১২৭টি কেন্দ্রের ফলাফলে হ্যাঁ ভোট ১ লাখ ৪৬ হাজার ৩১৭ এবং না ভোট ৪৭ হাজার ১৪১। সবশেষ টাঙ্গাইল ৮ সখিপুর ও বাসাইল আসনে বিএনপির অ্যাডভোকেট আহমেদ আযম খান ১ লাখ ১৪ হাজার ২১৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন এবং স্বতন্ত্র প্রার্থী সালাহউদ্দিন আলমগীর রাসেল পেয়েছেন ৭৭ হাজার ১৩০ ভোট। এই আসনে ১৩২টি কেন্দ্রের ফলাফলে হ্যাঁ ভোট ১ লাখ ৫১ হাজার ৩৩৭ এবং না ভোট ৭০ হাজার ৯৩৭। ফলাফল ঘোষণার পর বিজয়ী প্রার্থীদের কর্মী ও সমর্থকরা আনন্দ মিছিল ও উল্লাস প্রকাশ করেন।
এ এম/ ১৩ ফেব্রুয়ারি ২০২৬









