খুলনা

নির্বাচনে হেভিওয়েট প্রার্থীদের ভরাডুবি: গোলাম পরওয়ার ও মামুনুল হকের পরাজয়

খুলনা-৫, ১৩ ফেব্রুয়ারি – ভোটের মাঠে দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও প্রভাব থাকা সত্ত্বেও অনেক হেভিওয়েট প্রার্থী শেষ হাসি হাসতে পারেননি। বৃহস্পতিবার অনুষ্ঠিত নির্বাচনে ভোটাররা চমক দেখিয়ে একাধিক প্রতিষ্ঠিত নেতাকে পরাজিত করেছেন এবং পাল্টে দিয়েছেন নির্বাচনী সমীকরণ।

প্রাপ্ত বেসরকারি ফলাফলে দেখা যায় খুলনা ৫ আসনে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার পরাজিত হয়েছেন। তিনি ১ লাখ ৪৬ হাজার ২৪৬ ভোট পেলেও তার প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মোহাম্মদ আলি আসগার ২ হাজার ৬০৮ ভোটের ব্যবধানে জয়ী হন। খুলনা ২ আসনে বিএনপি নেতা নজরুল ইসলাম মঞ্জু এবং খুলনা ১ আসনে জামায়াতের আলোচিত প্রার্থী কৃষ্ণ নন্দীও পরাজিত হয়েছেন।

কক্সবাজার ২ আসনে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ ৩৫ হাজার ৬২৮ ভোটের ব্যবধানে বিএনপি প্রার্থী আলমগীর মোহাম্মদ মাহফুজউল্লাহ ফরিদের কাছে হেরেছেন। বরিশাল ৫ ও বরিশাল ৬ এই দুটি আসনেই পরাজিত হয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করীম। বরিশাল ৫ আসনে তিনি বিএনপির মজিবর রহমান সরোয়ারের চেয়ে ৪০ হাজার ১০২ ভোট কম পেয়েছেন এবং বরিশাল ৬ আসনে তৃতীয় স্থান অধিকার করেছেন।

বগুড়া ২ আসনে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না কেটলি প্রতীকে মাত্র ৩ হাজার ৪২৬ ভোট পেয়ে জামানত হারিয়েছেন যেখানে বিজয়ী হয়েছেন বিএনপির মীর শাহে আলম। পঞ্চগড় ১ আসনে এনসিপির সারজিস আলম বিএনপি প্রার্থী নওশাদ জমির কাছে ৮ হাজার ৩০৪ ভোটে পরাজিত হয়েছেন। ঢাকা ৮ আসনে এনসিপির নাসীরুদ্দীন পাটওয়ারী এবং ঢাকা ৯ আসনে স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা যথাক্রমে বিএনপি প্রার্থী মির্জা আব্বাস ও হাবিবুর রশিদের কাছে হেরেছেন।

ঢাকা ১৩ আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের মামুনুল হক বিএনপি প্রার্থী ববি হাজ্জাজের কাছে পরাজিত হয়েছেন। ঢাকা ১৬ আসনে বিএনপি প্রার্থী ফুটবলার আমিনুল হক জামায়াতের আব্দুল বাতেনের কাছে ৩ হাজার ৩৬১ ভোটে হেরেছেন। রংপুর ৩ আসনে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের জামায়াত প্রার্থী মাহবুবুর রহমানের কাছে বড় ব্যবধানে পরাজিত হয়েছেন। ঢাকা ১২ আসনে বাম জোটের প্রার্থী সাইফুল হক জামায়াতের সাইফুল আলমের কাছে হেরেছেন। চাঁপাইনবাবগঞ্জ ৩ আসনে বিএনপি নেতা হারুনুর রশীদ হারুন জামায়াতের নুরুল ইসলাম বুলবুলের কাছে এবং ঝিনাইদহ ৪ আসনে গণঅধিকার পরিষদের রাশেদ খান তৃতীয় হয়ে পরাজিত হয়েছেন। এছাড়া নরসিংদী ২ আসনে এনসিপির গোলাম সারোয়ার তুষার ও জামায়াতের আমজাদ হোসাইন বিএনপি প্রার্থী আবদুল মঈন খানের কাছে হেরেছেন।

এস এম/ ১৩ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language