জুলাই সনদের সব অঙ্গীকার বাস্তবায়ন করবে বিএনপি: মির্জা ফখরুল

ঠাকুরগাঁও, ১৩ ফেব্রুয়ারি – জাতীয় জুলাই সনদে বিএনপি যেসব বিষয়ে স্বাক্ষর করেছে তার প্রতিটি দফা পূরণ করা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার সকালে ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, বিএনপির এই বিশাল বিজয় জনগণের ভালোবাসার প্রতিফলন। জনগণ কখনোই বিএনপিকে ছেড়ে যায়নি বরং দলটি সবসময় জনমানুষের রাজনীতি করেছে। অন্তর্বর্তী সরকার ১৫ ফেব্রুয়ারির মধ্যে সরকার গঠনের কথা জানিয়েছে এবং বিএনপি জুলাই সনদের অঙ্গীকার বাস্তবায়নে বদ্ধপরিকর। বিগত পনেরো বছরের স্বৈরাচারী শাসনের কারণে উগ্রবাদী শক্তির উত্থান হয়েছে বলে মন্তব্য করেন তিনি। তিনি অভিযোগ করেন যে আওয়ামী লীগের দমন পীড়নের কারণেই জামায়াতে ইসলামীর মতো দলের এমন উত্থান ঘটেছে।
তবে জনগণ উগ্রবাদকে প্রত্যাখ্যান করেছে এবং বিএনপির দুই তৃতীয়াংশ আসন প্রাপ্তি সেটাই প্রমাণ করে। বিএনপি মহাসচিব আরও জানান যে যারা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে রাজপথে ছিল তাদের সঙ্গে নিয়েই সরকার গঠন করা হবে। সংস্কার প্রসঙ্গে তিনি বলেন যে বিএনপির ৩১ দফাকে আরও বিস্তৃত করা হবে এবং সংস্কার কমিশনের সঙ্গে স্বাক্ষরিত জুলাই সনদের বিষয়গুলো অগ্রাধিকার পাবে। সবশেষে দলীয় নেত্রীর বিদায়ে তিনি গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন।
এস এম/ ১৩ ফেব্রুয়ারি ২০২৬









