হবিগঞ্জ-৪: তাহেরীকে বিপুল ভোটে হারিয়ে বিএনপির এসএম ফয়সল নির্বাচিত

হবিগঞ্জ, ১৩ ফেব্রুয়ারি – ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসন থেকে বেসরকারিভাবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন বিএনপির মনোনীত প্রার্থী এসএম ফয়সল। ধানের শীষ প্রতীকে তিনি ১ লাখ ৮৬ হাজার ৬৭৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। জেলা বিএনপির সাবেক সভাপতি ও বিশিষ্ট শিল্পপতি হিসেবে পরিচিত এসএম ফয়সল এ নির্বাচনে বিপুল ব্যবধানে জয়লাভ করেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আলোচিত স্বতন্ত্র প্রার্থী মো. গিয়াস উদ্দিন তাহেরী। মোমবাতি প্রতীক নিয়ে নির্বাচন করে তিনি পেয়েছেন ৮৩ হাজার ৮৯৬ ভোট। এই আসনে ১১ দলীয় জোটের প্রার্থী ও খেলাফত মজলিসের মহাসচিব আহমদ আব্দুল কাদের দেওয়াল ঘড়ি প্রতীকে ২৬ হাজার ৪৪৬ ভোট পেয়ে তৃতীয় অবস্থানে রয়েছেন।
নির্বাচনে অংশ নেওয়া অন্য প্রার্থীদের মধ্যে মো. মুজিবুর রহমান (মই) ৩২৯ ভোট, মু. রেজাউল মোস্তফা (আপেল) ৪৮৪ ভোট, মো. রাশেদুল ইসলাম খোকন (ছড়ি) ৪৮৪ ভোট, শাহ মো. আল আমিন (হারিকেন) ৫৩৬ ভোট, মো. মিজানুর রহমান চৌধুরী (ঘোড়া) ৬৫২ ভোট এবং সালেহ আহমদ সাজন (ফুটবল) ৬১৯ ভোট পেয়েছেন।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, চুনারুঘাট ও মাধবপুর উপজেলা নিয়ে গঠিত এ আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৫২ হাজার ৭১১ জন। নয়জন প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই নির্বাচনে মোট ভোট পড়েছে ৩ লাখ ১০ হাজার ৯৭টি, যা মোট ভোটের ৫৬ দশমিক ১০ শতাংশ।
এস এম/ ১৩ ফেব্রুয়ারি ২০২৬









