জাতীয়

কুড়িগ্রামে জামায়াতের জয়জয়কার, তিন আসনে জয়ী তারা ও একটিতে এনসিপি

কুড়িগ্রাম, ১৩ ফেব্রুয়ারি – ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম জেলার চারটি সংসদীয় আসনের সবকটির বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে। প্রাপ্ত ফলাফলে দেখা গেছে জেলার চারটি আসনের মধ্যে তিনটিতেই বিপুল ভোটে জয়লাভ করেছেন জামায়াতে ইসলামীর প্রার্থীরা এবং একটি আসনে জয়ী হয়েছেন এনসিপির প্রার্থী। প্রতিটি আসনেই বিএনপির প্রার্থীরা শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুললেও শেষ পর্যন্ত কোনো আসনে জয়ের দেখা পাননি তারা।

কুড়িগ্রাম ১ আসনে অর্থাৎ নাগেশ্বরী ও ভূরুঙ্গামারী এলাকায় ২৩১টি ভোটকেন্দ্রে মোট ভোটার সংখ্যা ছিল ৫ লাখ ৬৩ হাজার ৯৭৮ জন। এই আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী আনোয়ারুল ইসলাম দাঁড়িপাল্লা প্রতীকে ১ লাখ ৩৯ হাজার ৪৯৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির সাইফুর রহমান রানা ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ২২ হাজার ৩৪৯ ভোট। কুড়িগ্রাম সদর, ফুলবাড়ী ও রাজারহাট নিয়ে গঠিত কুড়িগ্রাম ২ আসনে মোট ২০৫টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে।

এখানে ১১ দলীয় জোটের প্রার্থী ও এনসিপির ড. আতিক মুজা‌হিদ শাপলা কলি প্রতীক নিয়ে ১ লাখ ৭৮ হাজার ৮৬৯ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার বিপরীতে বিএনপির প্রার্থী সোহেল হাসনাইন কায়কোবাদ ধানের শীষ প্রতীকে ১ লাখ ৭০ হাজার ৩৩৫ ভোট পেয়েছেন। এই আসনে এনসিপি প্রার্থী ৮ হাজার ৫৩৪ ভোটের ব্যবধানে জয়ী হন। কুড়িগ্রাম ৩ বা উলিপুর আসনে ১৪০টি ভোটকেন্দ্রে মোট ভোটার ছিলেন ৩ লাখ ৬৮ হাজার ৪৭০ জন। এখানে জামায়াতে ইসলামীর প্রার্থী ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী দাঁড়িপাল্লা প্রতীকে ১ লাখ ৬ হাজার ৯৩৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

অন্যদিকে বিএনপির প্রার্থী তাসভীর উল ইসলাম ধানের শীষ প্রতীকে ৭৮ হাজার ৯৮২ ভোট অর্জন করেছেন। চিলমারী, রৌমারী ও রাজিবপুর উপজেলা নিয়ে গঠিত কুড়িগ্রাম ৪ আসনে ১৩০টি ভোটকেন্দ্রে মোট ভোটার ছিলেন ৩ লাখ ৬২ হাজার ৭৫৩ জন। এই আসনে পোস্টাল ব্যালটে ২ হাজার ৮৪৫টি বৈধ ভোট পড়েছে। বেসরকারি ফলাফলে জামায়াতে ইসলামীর প্রার্থী মো. মোস্তাফিজুর রহমান দাঁড়িপাল্লা প্রতীকে ১ লাখ ৬ হাজার ৩৪৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মো. আজিজুর রহমান ধানের শীষ প্রতীকে ৮৩ হাজার ৭৬২ ভোট পেয়েছেন।

এসএএস/ ১৩ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language