মৌলভীবাজারের চারটি আসনে একযোগে বিএনপি প্রার্থীদের জয়

মৌলভীবাজার, ১৩ ফেব্রুয়ারি – মৌলভীবাজার-এর চারটি আসনে প্রথমবারের মতো একযোগে বিএনপি বা ধানের শীষ প্রতীকের প্রার্থীরা জয়ী হয়েছেন। একই সঙ্গে গণভোটেও হ্যাঁ ভোট জয় পেয়েছে।
মৌলভীবাজার-১ আসনে মোট ভোট কেন্দ্র ১১০টি। সবকয়টি কেন্দ্রের ফলাফলের ভিত্তিতে নাসির উদ্দীন আহমেদ মিঠু ধানের শীষ প্রতীকে ৯৮ হাজার ২৮২ ভোট পেয়ে বেসরকারিভাবে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ আমিনুল ইসলাম দাঁড়িপাল্লা প্রতীকে ৮৩ হাজার ১৩ ভোট পেয়েছেন। এই আসনে গণভোটে হ্যাঁ ভোট পড়েছে ১ লাখ ৪৬৯টি ও না ভোট পড়েছে ৭৯ হাজার ৫২৭টি।
মৌলভীবাজার-২ কুলাউড়া সংসদীয় আসনে মোট ভোট কেন্দ্র ১০৭টি। সবকয়টি কেন্দ্রের ফলাফলের ভিত্তিতে মো. শওকতুল ইসলাম শকু ধানের শীষ প্রতীকে ৬৮ হাজার ৩৮১ ভোট পেয়ে বেসরকারিভাবে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. সায়েদ আলী দাঁড়িপাল্লা প্রতীকে ৫৩ হাজার ৪৫৮ ভোট পেয়েছেন। এই আসনে গণভোটে হ্যাঁ ভোট পড়েছে ৮৩ হাজার ৯৩০টি ও না ভোট পড়েছে ৬৭ হাজার ৯৩৫টি।
মৌলভীবাজার-৩ রাজনগর ও সদর উপজেলা সংসদীয় আসনে মোট ভোট কেন্দ্র ১৭৬টি। সবকয়টি কেন্দ্রের ফলাফলের ভিত্তিতে নাসের রহমান ধানের শীষ প্রতীকে ১ লাখ ৫৬ হাজার ৭৭৫ ভোট পেয়ে বেসরকারিভাবে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. আব্দুল মন্নান দাঁড়িপাল্লা প্রতীকে ৭৭ হাজার ৬৩৬ ভোট পেয়েছেন। এই আসনে গণভোটে হ্যাঁ ভোট পড়েছে ১ লাখ ৩৩ হাজার ৯১৬টি ও না ভোট পড়েছে ৭৭ হাজার ৬৭১টি।
মৌলভীবাজার-৪ কমলগঞ্জ-শ্রীমঙ্গল সংসদীয় আসনে মোট ভোট কেন্দ্র ১৬৩টি। সবকয়টি কেন্দ্রের ফলাফলের ভিত্তিতে মুজিবুর রহমান চৌধুরী ধানের শীষ প্রতীকে ১ লাখ ৭০ হাজার ৮৭৭ ভোট পেয়ে বেসরকারিভাবে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শেখ নূরে আলম হামিদী রিকশা প্রতীকে ৫০ হাজার ২০৪ ভোট পেয়েছেন। এই আসনে গণভোটে হ্যাঁ ভোট পড়েছে ১ লাখ ২৭ হাজার ৪৮০টি ও না ভোট পড়েছে ১ লাখ ৭ হাজার ৬৩৩টি।
তৌহিদুজ্জামান পাভেল, মৌলভীবাজার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা, জেলার চারটি আসনের সংসদ নির্বাচন ও গণভোটের চূড়ান্ত ফলাফল নিশ্চিত করেছেন।
দীর্ঘদিন পর জেলার সবকয়টি আসনে ধানের শীষের প্রার্থী জয়ী হওয়ায় কর্মী-সমর্থকেরা উল্লাসে মেতে উঠেছেন।
এনএন/ ১৩ ফেব্রুয়ারি ২০২৬









