জাতীয়

ত্রয়োদশ সংসদ নির্বাচনে ভোট পড়েছে ৬০.৬৯ শতাংশ: নির্বাচন কমিশন

ঢাকা, ১৩ ফেব্রুয়ারি – ছাত্র-জনতার গণঅভ্যুত্থান পরবর্তী নতুন রাজনৈতিক বাস্তবতায় অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের চূড়ান্ত ভোটার উপস্থিতির হার প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।

শুক্রবার নির্বাচন কমিশনের জনসংযোগ শাখা থেকে জানানো তথ্য অনুযায়ী, সারা দেশে ভোটার উপস্থিতির হার ৬০ দশমিক ৬৯ শতাংশ।

দীর্ঘ দেড় বছর পর দেশে গণতন্ত্রের নতুন পথযাত্রা হিসেবে বিবেচিত এই নির্বাচনে বিপুল সংখ্যক মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণকে ইতিবাচক হিসেবে দেখছে কমিশন।

এবারই প্রথমবারের মতো প্রবাসী বাংলাদেশিরা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার সুযোগ পেয়েছেন, যেখানে উপস্থিতির হার ছিল ৮০ দশমিক ১১ শতাংশ। নির্বাচন কমিশনের পরিসংখ্যান অনুযায়ী, ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত এই নির্বাচনে ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৫ জন ভোটারের মধ্যে প্রায় ৪ কোটি ছিলেন তরুণ ভোটার, যারা প্রথমবারের মতো তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পান।

ইসির তথ্যানুযায়ী, পোস্টাল ব্যালটের মাধ্যমে প্রাপ্ত মোট ভোটের মধ্যে বৈধ ভোটের হার দাঁড়িয়েছে ৭০ দশমিক ২৫ শতাংশ। প্রবাসীদের পাশাপাশি নির্বাচনে দায়িত্বরত কর্মকর্তা এবং কারাগারে থাকা বন্দিরাও এই পদ্ধতির মাধ্যমে তাদের নাগরিক অধিকার চর্চা করেছেন।

নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে সারা দেশে প্রায় ৯ লাখ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন ছিল।

নির্বাচনের ফলাফল বিশ্লেষণ করে দেখা গেছে, ১৮৩টি আসনে জয়লাভ করেছে বিএনপি ও তাদের জোটের প্রার্থীরা।অন্যদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থীরা ৬৪টি আসনে জয়ী হয়েছেন। এছাড়া অন্যান্য দলের প্রার্থীরা ৫টি এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ ১টি আসনে জয়লাভ করেছে।

এনএন/ ১৩ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language