ঢাকা-৮ আসনে নাসীরুদ্দীন পাটওয়ারীকে হারিয়ে জয়ী মির্জা আব্বাস

ঢাকা, ১৩ ফেব্রুয়ারি – নাসীরুদ্দীন পাটওয়ারী শেষ পর্যন্ত জয় পেতে পারেননি, যদিও সন্ধ্যার পর থেকে নানা নাটকীয় পরিস্থিতি তৈরি হয়েছিল। ৫ হাজারের বেশি ভোটে বেসরকারিভাবে জয় পেয়েছেন বিএনপি নেতা মির্জা আব্বাস।
ভোটের আগেই সবচেয়ে আলোচিত আসনগুলোর একটি ছিল ঢাকা-৮। দুই প্রার্থীর কথার লড়াই ভোটের দিনে এসে সরাসরি ভোটের লড়াইয়ে রূপ নেয়। কয়েক দফা ভোট থেমে থাকা, একে অপরের বিরুদ্ধে অভিযোগ ও সংবাদ সম্মেলনের পর ঢাকার বিভাগীয় কমিশনার (রিটার্নিং কর্মকর্তা) শরফ উদ্দিন আহমেদ চৌধুরী ফল ঘোষণা করেন।
তিনি জানান, এই আসনের ১০৯টি কেন্দ্রের মধ্যে ১০৮টিতে সরাসরি ভোটগ্রহণ হয়েছে। এতে মির্জা আব্বাস ৫৬ হাজার ৫৫২ ভোট পেয়েছেন। এর সঙ্গে তিনি ২ হাজার ৮১৪টি পোস্টাল ভোট পান, ফলে মোট ভোট দাঁড়ায় ৫৯ হাজার ৩৬৬।
অন্যদিকে নাসীরুদ্দীন পাটওয়ারী ১০৮টি কেন্দ্রে পেয়েছেন ৫১ হাজার ৫৭২ ভোট। এর সঙ্গে তিনি পোস্টাল ভোট পেয়েছেন ২ হাজার ৫৫৫টি, ফলে তার মোট ভোট হয় ৫৪ হাজার ১২৭টি।
এনএন/ ১৩ ফেব্রুয়ারি ২০২৬









