পঞ্চগড়-১ আসনে ৮ কেন্দ্রের ফলাফলে এগিয়ে সারজিস আলম

পঞ্চগড়, ১২ ফেব্রুয়ারি – পঞ্চগড়-১ আসনের ভোটগ্রহণ শেষে প্রাথমিক ফলাফল আসতে শুরু করেছে এবং এখন পর্যন্ত ১৫৫টি ভোটকেন্দ্রের মধ্যে ৮টি কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে। প্রাপ্ত ফলাফলে দেখা যাচ্ছে যে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও ১১ দলীয় ঐক্য জোটের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী সারজিস আলম এগিয়ে রয়েছেন।
৮টি কেন্দ্রের ফলাফলে তিনি পেয়েছেন ৮ হাজার ৮৪৭ ভোট। অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মনোনীত প্রার্থী নওশাদ জমির পেয়েছেন ৭ হাজার ৮৩১ ভোট। জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে পঞ্চগড়ের দুটি সংসদীয় আসনে এবার মোট ১৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। পুরো জেলায় মোট ভোটকেন্দ্র রয়েছে ২৮৬টি। এর মধ্যে পঞ্চগড়-১ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৫৮ হাজার ৮০৭ জন এবং ভোটকেন্দ্র ১৫৫টি। অপরদিকে পঞ্চগড়-২ আসনে মোট ভোটার ৪ লাখ ১৪ হাজার ৩৫৬ জন এবং সেখানে ভোটকেন্দ্র রয়েছে ১৩১টি।
এসএএস/ ১২ ফেব্রুয়ারি ২০২৬









