গাজীপুর

গাজীপুরে টাকা বিতরণের দায়ে জামায়াত কর্মীর ২ বছরের কারাদণ্ড

গাজীপুর, ১২ ফেব্রুয়ারি – গাজীপুরে প্রার্থীর পক্ষে টাকা বিতরণের সময় হাতেনাতে আটক শামিমুল ইসলাম নামে এক ব্যক্তিকে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন নির্বাচনকালীন সংক্ষিপ্ত বিচারিক আদালত। বৃহস্পতিবার গাজীপুরের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান এই রায় দেন।

আদালত সূত্রে জানা গেছে, দণ্ডপ্রাপ্ত ওই ব্যক্তি কুড়িগ্রামের ভোটার এবং পেশায় ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কর্মকর্তা। তিনি বুধবার রাত থেকে কালিয়াকৈর উপজেলার লতিফপুর ইউনিয়নে ভোটারদের মাঝে টাকা বিতরণ করছিলেন বলে অভিযোগ ওঠে। বৃহস্পতিবার সকালে স্থানীয় জনতা তাকে আটক করে।

পরবর্তীতে বিচারক বিষয়টি যাচাই-বাছাই করে সত্যতা পাওয়ায় তাকে এই সাজা প্রদান করেন। এ সময় তার হেফাজত থেকে ৬০ হাজার টাকা উদ্ধার করা হয়। এদিকে আটক ওই ব্যক্তিকে ছাড়াতে স্থানীয় জামায়াত নেতারা জোর তদবির চালাচ্ছেন বলে জানা গেছে।

এস এম/ ১২ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language