বিয়ের আসরে বসার আগেই ভোটকেন্দ্রে, সৈয়দপুরে বরের সাজে যুবকের ভোট (ভিডিও সংযুক্ত)

নীলফামারী, ১২ ফেব্রুয়ারি – নীলফামারীর সৈয়দপুর উপজেলায় বিয়ের আনুষ্ঠানিকতার আগেই ভোটাধিকার প্রয়োগ করলেন সামিউল ইসলাম নামের এক যুবক। বৃহস্পতিবার দুপুরে তিনি শহরের পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে নিজের ভোট প্রদান করেন।
বরের সাজে সজ্জিত সামিউল ইসলাম নিয়ামতপুর সরকারপাড়া এলাকার বাসিন্দা। ভোট দেওয়ার পর নিজের অনুভূতি প্রকাশ করে সামিউল ইসলাম জানান, পারিবারিকভাবে আজ তার বিয়ের দিন ধার্য করা হয়েছে। জীবনের এই বিশেষ দিনটিকে আরও স্মরণীয় করে রাখতেই তিনি বিয়ের পোশাকেই ভোট দিতে এসেছেন। একইসঙ্গে তিনি তরুণ সমাজকে সঠিক ও যোগ্য প্রার্থী নির্বাচনে ভোট দেওয়ার আহ্বান জানান।
স্থানীয় বাসিন্দা জাকির হোসেন বলেন, ভোট দিতে এসে কেন্দ্রে একজন বরকে দেখে সবাই বেশ অবাক হয়েছেন। তিনি এভাবে এসে ভোটের গুরুত্ব সম্পর্কে একটি বার্তা দিয়েছেন যা প্রশংসনীয়। এদিকে নীলফামারী জেলায় অত্যন্ত উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতিও বৃদ্ধি পাচ্ছে। উল্লেখ্য, জেলার চারটি সংসদীয় আসনে মোট ১৫ লাখ ৮০ হাজার ৩০৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। এর মধ্যে নারী ভোটার ৭ লাখ ৮৭ হাজার ২৮৯ জন, পুরুষ ভোটার ৭ লাখ ৯৩ হাজার ৭ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১০ জন। চারটি আসনে মোট ২৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এস এম/ ১২ ফেব্রুয়ারি ২০২৬









