উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ

ঢাকা, ১২ ফেব্রুয়ারি – সারা দেশে উৎসবমুখর পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ কার্যক্রম সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে শুরু হওয়া এই ভোটগ্রহণ চলে একটানা বিকাল সাড়ে ৪টা পর্যন্ত।
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভোটাররা উৎসাহের সঙ্গে নিজ নিজ পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করেছেন। দিনের শুরুতে ভোটকেন্দ্রে উপস্থিতি তুলনামূলক কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারের চাপ বাড়তে থাকে এবং দুপুরের পর অনেক কেন্দ্রেই দীর্ঘ লাইন পরিলক্ষিত হয়।
ভোরের আলো ফোটার আগে থেকেই দেশের বিভিন্ন প্রান্তে ভোটকেন্দ্রগুলোর সামনে মানুষের ভিড় জমতে শুরু করেছিল। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে সেই ভিড় দীর্ঘ সারিতে পরিণত হয়। নারী, পুরুষ, তরুণ ও প্রবীণ সব বয়সী ভোটারদের উপস্থিতিতে কেন্দ্রগুলোতে একটি উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।
রাজধানী ঢাকাসহ বিভাগীয় ও জেলা শহরগুলোতেও সকাল থেকেই ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি চোখে পড়ে। কেউ পরিবারের সদস্যদের নিয়ে আবার কেউ প্রতিবেশীদের সঙ্গে দলবেঁধে ভোটকেন্দ্রে আসেন। এবারের বহুল প্রতীক্ষিত এই নির্বাচনে বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি এবং ইসলামী আন্দোলন বাংলাদেশসহ মোট ৫০টি রাজনৈতিক দল অংশগ্রহণ করেছে। নির্বাচনে মোট প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সংখ্যা ২ হাজার ২৮ জন। এর মধ্যে রাজনৈতিক দলের প্রার্থী রয়েছেন ১ হাজার ৭৫৫ জন এবং স্বতন্ত্র প্রার্থীর সংখ্যা ২৭৩ জন।
এস এম/ ১২ ফেব্রুয়ারি ২০২৬









