মীরসরাইয়ে হাসপাতালের বেডে শুয়েই ভোট দিলেন আহত যুবদল নেতা

চট্টগ্রাম, ১২ ফেব্রুয়ারি – ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ মীরসরাই আসনে হাসপাতালের বেডে শুয়ে ভোট দিয়ে নজির গড়েছেন কামরুল হাসান বাপ্পি নামের এক ভোটার। বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারি দুপুরে উপজেলার মলিয়াইশ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে উপস্থিত হয়ে তিনি নিজের ভোটাধিকার প্রয়োগ করেন।
কামরুল হাসান বাপ্পি মিঠানালা ইউনিয়ন যুবদলের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। জানা যায় কিছুদিন আগে একটি মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে তিনি হাসপাতালে ভর্তি হন। শারীরিক অসুস্থতা ও চিকিৎসকের পরামর্শ উপেক্ষা করে নির্বাচনের দিন তিনি ভোট দেওয়ার সিদ্ধান্ত নেন এবং হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় অন্যের সহযোগিতায় স্ট্রেচারে করে তিনি ভোটকেন্দ্রে আসেন। কামরুল হাসান বাপ্পি জানান হাসপাতালের বেডে শুয়ে থাকলেও তাঁর মন পড়ে ছিল ভোটের মাঠে তাই নিষেধ অমান্য করেই তিনি ভোট দিতে এসেছেন। চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সরোয়ার উদ্দিন সেলিম জানান বাপ্পি দলের প্রতি অত্যন্ত নিবেদিতপ্রাণ এবং অসুস্থতা সত্ত্বেও তাঁকে আটকানো সম্ভব হয়নি।
মলিয়াইশ উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহ আলম নিশ্চিত করেছেন যে ওই অসুস্থ ভোটারকে চারজনের সহযোগিতায় কেন্দ্রে নিয়ে আসা হয় এবং তিনি সুষ্ঠুভাবে ভোটাধিকার প্রয়োগ করেন। এই কেন্দ্রে মোট ভোটার ৪ হাজার ৯৩১ জন এবং দুপুর পর্যন্ত প্রায় ৫০ শতাংশ ভোট কাস্ট হয়েছে বলে জানান তিনি। কোনো প্রকার বিশৃঙ্খলা ছাড়াই ওই কেন্দ্রে সুষ্ঠু পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।
এ এম/ ১২ ফেব্রুয়ারি ২০২৬









