রাজশাহীতে দুপুর ২টা পর্যন্ত ৪৬ শতাংশ ভোট গ্রহণ

রাজশাহী, ১২ ফেব্রুয়ারি – রাজশাহীতে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণের প্রথম সাড়ে ৬ ঘণ্টায় অর্থাৎ দুপুর দুইটা পর্যন্ত ৪৬ দশমিক ১৬ শতাংশ ভোট পড়েছে। এর আগে দুপুর ১২টা পর্যন্ত ভোটের হার ছিল ৩২ দশমিক ৮৩ শতাংশ। বৃহস্পতিবার দুপুরে রাজশাহীর জ্যেষ্ঠ জেলা নির্বাচন কর্মকর্তা মো. মোতাওয়াক্কিল রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
জেলা নির্বাচন কার্যালয়ের তথ্যানুযায়ী রাজশাহী-১ আসনে ৪৫ শতাংশ এবং রাজশাহী-২ সদর আসনেও ৪৫ শতাংশ ভোট গৃহীত হয়েছে। রাজশাহী-৩ আসনে ভোট পড়েছে ৪৪ শতাংশ। এছাড়া রাজশাহী-৪ বাগমারা আসনে সর্বোচ্চ ৪৯ শতাংশ ভোট পড়েছে।
পাশাপাশি রাজশাহী-৫ আসনে ৪৮ শতাংশ এবং রাজশাহী-৬ আসনে ৪৬ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। এর আগে সকাল ১০টা পর্যন্ত জেলায় ১৭ দশমিক ৫ শতাংশ ভোট পড়েছিল। নির্বাচন কর্মকর্তা মো. মোতাওয়াক্কিল রহমান জানান যে নির্বাচনকে কেন্দ্র করে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি এবং শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে।
এস এম/ ১২ ফেব্রুয়ারি ২০২৬









