জাতীয়

আসনে জয়ের আগাম ঘোষণা দিয়ে ভোটারদের প্রভাবিত করতে চান না জামায়াত আমির

ঢাকা-১৫, ১২ ফেব্রুয়ারি – বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান জানিয়েছেন যে তিনি কোনো নির্দিষ্টসংখ্যক আসনে জয়ের আগাম ঘোষণা দিতে রাজি নন।

তিনি মনে করেন এ ধরনের ঘোষণা ভোটারদের স্বাধীনতার ওপর হস্তক্ষেপের শামিল। জনগণের সঠিক সিদ্ধান্তের ওপর তাদের দলের গভীর আস্থা রয়েছে বলে তিনি উল্লেখ করেন। বৃহস্পতিবার ঢাকা ১৫ আসনের নির্বাচনী অফিস মিরপুরে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

জামায়াত আমির বলেন নির্বাচনের দিন শুরুতে পরিস্থিতি স্বাভাবিক থাকলেও পরবর্তী সময়ে কিছু জায়গায় বিশৃঙ্খলা লক্ষ্য করা গেছে। তবে নির্বাচনী বিশৃঙ্খলা নিয়ন্ত্রণে সেনাবাহিনী ও সশস্ত্র বাহিনীর ভূমিকা অত্যন্ত প্রশংসিত হয়েছে বলে তিনি মন্তব্য করেন। তিনি জানান যেখানেই সমস্যা তৈরি হয়েছে তারা দ্রুত ব্যবস্থা নিয়েছেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার সর্বোচ্চ চেষ্টা করেছেন।

এই বাহিনীর নিষ্ঠাবান দায়িত্ব পালনের মাধ্যমেই ভোটারদের ভয়ের সংস্কৃতি থেকে মুক্ত রাখা এবং জনআকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানো সম্ভব বলে তিনি আশা প্রকাশ করেন। ডা. শফিকুর রহমান আরও বলেন দেশ ভালো থাকলে সবাই ভালো থাকবে। গত ৫৪ বছরে যে লক্ষ্য অর্জিত হয়নি আগামী ৫ বছরে যেন তেমন একটি দেশ গড়ার পরিবেশ তৈরি হয় সেই আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এস এম/ ১২ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language