নির্বাচন ইঞ্জিনিয়ারিং হলে ফলাফল মানব না: মির্জা আব্বাস

ঢাকা, ১২ ফেব্রুয়ারি – ঢাকা-৮ আসনে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপি মনোনীত প্রার্থী ও দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তবে নির্বাচনের ফলাফলে কোনো ধরনের কারচুপি বা ‘নির্বাচন ইঞ্জিনিয়ারিং’ করা হলে তা মেনে নেওয়া হবে না বলে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর শাহজাহানপুরে অবস্থিত মির্জা আব্বাস মহিলা কলেজ কেন্দ্রে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন তিনি।
ভোট দেওয়া শেষে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। বিএনপির এই জ্যেষ্ঠ নেতা জানান, এখন পর্যন্ত ভোটগ্রহণ প্রক্রিয়া সুষ্ঠুভাবেই চলছে এবং বড় ধরনের কোনো বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি। নির্বাচনের পরিবেশ নিয়ে আপাতত সন্তোষ প্রকাশ করেন তিনি। এ সময় একই আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নাসির উদ্দিন পাটওয়ারীর অভিযোগ প্রসঙ্গেও কথা বলেন মির্জা আব্বাস। এর আগে নাসির উদ্দিন অভিযোগ করেছিলেন যে, তার পোলিং এজেন্টদের কয়েকটি কেন্দ্রে প্রবেশ করতে বাধা দিচ্ছেন বিএনপি কর্মীরা।
এই অভিযোগের জবাবে মির্জা আব্বাস বলেন, এটি পাটওয়ারীর একান্তই ব্যক্তিগত মতামত। কেউ কারো মত প্রকাশে বাধা দিতে পারে না। উল্টো তিনি দাবি করেন, এনসিপি অনেক কেন্দ্রেই তাদের এজেন্ট দিতে ব্যর্থ হয়েছে, যার দায় অন্যের ওপর চাপানো হচ্ছে।
এসএএস/ ১২ ফেব্রুয়ারি ২০২৬









