মুন্সীগঞ্জ-৩ আসনে ভোটকেন্দ্রের বাইরে একাধিক ককটেল বিস্ফোরণ

মুন্সীগঞ্জ, ১২ ফেব্রুয়ারি – মুন্সীগঞ্জ-৩ আসনের সদর উপজেলার মাকহাটি গুরুচরণ উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রের কাছে একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। এতে কোনো হতাহতের খবর নেই বলে কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মো. তিতুমীর নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, সকাল সাড়ে ৭টা থেকে ওই কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয় এবং শান্তিপূর্ণভাবেই চলছিল। কিন্তু সকাল সাড়ে ১০টার দিকে কেন্দ্রের কাছের একটি মাঠে পরপর ককটেল বিস্ফোরণ ঘটে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে ভোটকেন্দ্রের ভেতরে কোনো সমস্যা হয়নি।
প্রত্যক্ষদর্শী মো. কাউসার আহমেদ বলেন, সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার মাকহাটি গ্রামের পারভেজ মাঝি, রহমত মাঝি, আসাদ মাঝি ও নাঈম মল্লিক ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। তিনি আরও বলেন, তারা ধানের শীষের প্রার্থী কামরুজ্জামান রতনের লোক।
নির্বাচনী দায়িত্বে থাকা সেনাবাহিনীর ক্যাপ্টেন জুবায়ের বলেন, আনুমানিক সাড়ে ১০টার দিকে আমরা খবর পাই মাকহাটি গুরুচরণ উচ্চ বিদ্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ হয়েছে। খবর পাওয়ার পর আমাদের টিম দ্রুত সেখানে যায়। গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। এখন পরিস্থিতি স্বাভাবিক আছে।
এনএন/ ১২ ফেব্রুয়ারি ২০২৬









