কুমিল্লা

কুমিল্লার চান্দিনায় ভোট কেন্দ্রের পাশ থেকে সেনাবাহিনীর বস্তাভর্তি অস্ত্র উদ্ধার

কুমিল্লা, ১২ ফেব্রুয়ারি – কুমিল্লার চান্দিনা উপজেলা সদরের একটি ভোট কেন্দ্রের নিকটবর্তী স্থান থেকে বস্তাভর্তি দেশীয় অস্ত্রশস্ত্র উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনী। বৃহস্পতিবার সকাল ১১টা নাগাদ উপজেলার ২ নম্বর ওয়ার্ডের হারং উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রের পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় এসব অস্ত্র জব্দ করা হয়।

উদ্ধারকৃত দেশীয় অস্ত্রের তালিকার মধ্যে রয়েছে পাঁচটি ছেনি, দুটি রামদা, দুটি ছুরি, চারটি চাইনিজ কুড়াল এবং বেশ কিছু লোহার রড। চান্দিনা সেনা ক্যাম্প থেকে প্রদত্ত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে কতিপয় দুষ্কৃতকারী ভোটারদের ভয়ভীতি প্রদর্শন ও ভোটদানে বাধা প্রদানের লক্ষ্যে দেশীয় অস্ত্রসহ ওই কেন্দ্রের আশেপাশে অবস্থান নিয়েছিল। সেনাসদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে অপরাধীরা তাদের উপস্থিতি টের পেয়ে অস্ত্রভর্তি বস্তা ফেলে পালিয়ে যায়। বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এসব অস্ত্র সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি এবং সুষ্ঠু নির্বাচন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার উদ্দেশ্যে জড়ো করা হয়েছিল। নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ রাখতে সেনাবাহিনী বদ্ধপরিকর অবস্থানে রয়েছে।

এ বিষয়ে চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান জানান, সেনাবাহিনী কর্তৃক উদ্ধারকৃত অস্ত্রগুলো এখনো থানায় হস্তান্তরিত হয়নি। অস্ত্রগুলো থানায় আসার পর তদন্ত সাপেক্ষে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ এম/ ১২ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language