জাতীয়

ঢাকা-১৫ ভোটকেন্দ্রে জামায়াত আমির ও বিএনপি প্রার্থীর আলিঙ্গন

ঢাকা, ১২ ফেব্রুয়ারি – ঢাকা-১৫ আসনের আদর্শ উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্র পরিদর্শনে যান জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। একই সময় সেখানে উপস্থিত হন বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী শফিকুল ইসলাম খান মিল্টন।

ভোটকেন্দ্র থেকে বের হওয়ার সময় দুজনের দেখা হয়। তখন একটি ভিন্নধর্মী দৃশ্য দেখা যায়। জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ও ধানের শীষের প্রার্থী মো. শফিকুল ইসলাম খান মিল্টন একে অপরকে জড়িয়ে ধরেন।

বুধবার সকাল পৌনে ১০টার দিকে কেন্দ্রে তারা কুশল বিনিময় করেন। কিছুক্ষণ কথা বলেন এবং আলিঙ্গন করেন। এ ঘটনাকে ঘিরে কেন্দ্রে থাকা নেতাকর্মী, সাংবাদিক ও সাধারণ ভোটারদের মধ্যে কৌতূহল তৈরি হয়।

কুশল বিনিময়ের সময় ধানের শীষ প্রতীকের প্রার্থী মো. শফিকুল ইসলাম খান মিল্টন জামায়াত আমিরকে বলেন, আমরা দুজন ভাই ভাই। যেই জিতি, এলাকার মানুষের জন্য একসঙ্গে কাজ করবো।

জামায়াত আমির ভোটগ্রহণ নিয়ে সন্তুষ্টি প্রকাশ করে বলেন, আমরা সৌহার্দ্য বজায় রেখেই দেশ গড়বো। দুই প্রার্থীই ভোটের পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেন। পরে কুশল বিনিময় ও আলিঙ্গন শেষে তারা চলে যান।

সরেজমিনে দেখা গেছে, কেন্দ্রের ভেতরে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন এবং ভোট শান্তিপূর্ণভাবে চলছে। রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা থাকলেও এ ধরনের সৌহার্দ্যের দৃশ্য নির্বাচনী পরিবেশে আলাদা মাত্রা যোগ করেছে বলে উপস্থিত কয়েকজন ভোটার মন্তব্য করেন।

ভোটকেন্দ্রে থাকা সেনাবাহিনীর ক্যাপ্টেন মো. সাইফ বলেন, আমরা ভোর পাঁচটা থেকে এখানে আছি। সকালে বিএনপি ও জামায়াত প্রার্থীদের মধ্যে ভোটারদের কাছে ভোট চাওয়াকে কেন্দ্র করে তর্কাতর্কি ও বাগবিতণ্ডা হয়। পরে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের সেখান থেকে সরিয়ে দেন। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

এনএন/ ১২ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language