৬ মাসের গুজবের পরও ভোট শান্তিপূর্ণ, কোনো শঙ্কা নেই

ঢাকা, ১২ ফেব্রুয়ারি – গত ছয় মাস ধরে নির্বাচন নিয়ে নানা ধরনের গুজব ছড়ালেও বাস্তবে ভোট শান্তিপূর্ণভাবে হচ্ছে এবং কোনো ধরনের শঙ্কা নেই বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এসব কথা বলেন।
ডিএমপি কমিশনার বলেন, গত ছয় মাস ধরে শুনে আসছি ভোট হবে না, এটা হবে, সেটা হবে—এমন নানা কথা। কিন্তু আজ আপনারাই দেখছেন খুব সুন্দরভাবে ভোট হচ্ছে। কোথাও কোনো সমস্যা নেই, কোনো শঙ্কাও নেই।
তিনি আরও বলেন, প্রধান উপদেষ্টা একটি ঐতিহাসিক নির্বাচন চেয়েছিলেন এবং এখন পর্যন্ত ভোটের পরিবেশ সেই দিকেই যাচ্ছে। দীর্ঘ ১৭ বছর পর মানুষ তাদের নাগরিক অধিকার প্রয়োগ করছে। এতে আমিও আনন্দিত। এই ভোটে আমিও অংশ নিলাম।
সকাল থেকে ভোটকেন্দ্রগুলোতে শান্তিপূর্ণ পরিবেশ রয়েছে জানিয়ে তিনি বলেন, এখন পর্যন্ত বড় কোনো সহিংসতার ঘটনা ঘটেনি। প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকেও ফল মেনে নেওয়ার কথা বলা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
তিনি বলেন, টিভির পর্দায় দেখেছি, দুই দলই বলছে ফল যা-ই হোক তারা মেনে নেবে। যেহেতু স্বচ্ছ ও নিরপেক্ষভাবে ভোট হচ্ছে, তাই সবাই ফল মেনে নেবেন—এটাই স্বাভাবিক।
শেখ সাজ্জাত আলী বলেন, সারা দিন একইভাবে শান্তিপূর্ণভাবে ভোট চলবে এবং সুষ্ঠুভাবে গণনা শেষে ফল প্রকাশ করা হবে বলে তিনি আশা করছেন।
২০১৮ সালের ভোটের অভিজ্ঞতার কথা তুলে ধরে কমিশনার বলেন, ১৮ সালের নির্বাচনে আমি এই কেন্দ্রেই ভোট দিতে এসেছিলাম। তখন আমার বাসা এখানে ছিল। আপনারা জানেন, আমি ১৬ সালে অবসর নিয়েছি। এখন ডিএমপি কমিশনার হিসেবে মিন্টু রোডে থাকি। ২০১৮ সালে এই কেন্দ্রে ভোট দিতে এসে গেট পেরিয়ে ভেতরে ঢোকার পর আমাকে বলা হয়েছিল, আপনার ভোট দেওয়া হয়ে গেছে। এটা শুনে আমি গেট থেকেই ফিরে গিয়েছিলাম।
এনএন/ ১২ ফেব্রুয়ারি ২০২৬









