নব্বই বছর বয়সে লাঠিতে ভর দিয়ে কেন্দ্রে এসে ভোট দিলেন কমলা রানী

বরিশাল, ১২ ফেব্রুয়ারি – বয়স নব্বই ছুঁইছুঁই, শরীরে বার্ধক্যের ছাপ স্পষ্ট হলেও দমে যাননি কমলা রানী। লাঠিতে ভর দিয়ে প্রায় দুই কিলোমিটার পথ পাড়ি দিয়ে তিনি উপস্থিত হয়েছেন ভোটকেন্দ্রে। বরিশালের গৌরনদী উপজেলার মাহিলারা ইউনিয়নের ভীমের পার গ্রামের এই প্রবীণ নারী ভোটার নিজের ভোটাধিকার প্রয়োগ করতে পেরে দারুণ উচ্ছ্বসিত।
বরিশাল ১ বা গৌরনদী আগৈলঝড়া আসনের অনন্ত নারায়ণ মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে পুত্রবধূ আঁখি রানী ভক্তের সহায়তায় তিনি ভোট প্রদান করেন। কমলা রানী জানান যে দীর্ঘ জীবনে তিনি বহু নির্বাচন দেখেছেন। অতীতে কখনো কখনো নিজে ভোট দিয়েছেন আবার কখনো তার ভোট অন্য কেউ দিয়ে দিয়েছে বলে তিনি উল্লেখ করেন। তবে জীবনের এই সায়াহ্নে এসে এমন একটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পারবেন তা তিনি কল্পনাও করেননি। নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরে তিনি মানসিক প্রশান্তি অনুভব করছেন। পাশাপাশি কেন্দ্রে এসে পরিচিতজনদের সঙ্গে সাক্ষাৎ ও তাদের ভোট প্রদানের কথা শুনে তার আনন্দ বহুগুণ বেড়ে গেছে। তার পুত্রবধূ আঁখি রানী ভক্ত জানান যে পরিবারের অন্য সদস্যরা ভোট দিয়ে বাড়ি ফেরার পর কমলা রানীও ভোট দেওয়ার জন্য জেদ ধরেন।
শাশুড়ির অদম্য ইচ্ছাকে সম্মান জানিয়ে তাকে নিয়ে কেন্দ্রে আসেন তিনি। শেষ বয়সে নিজের পছন্দের মার্কায় ভোট দিতে পেরে কমলা রানী স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন। নব্বই বছর বয়সী এই বৃদ্ধার কষ্ট করে কেন্দ্রে এসে ভোট প্রদানের ঘটনাটি বরিশালের সাধারণ ভোটারদের মাঝে উৎসাহ ও উদ্দীপনার সঞ্চার করেছে।
এ এম/ ১২ ফেব্রুয়ারি ২০২৬









