ঢাকায় ভোটকেন্দ্রে বাড়ছে ভোটার, জটলা এড়াতে কঠোর অবস্থানে সেনাবাহিনী

ঢাকা, ১২ ফেব্রুয়ারি – রাজধানী ঢাকার বিভিন্ন ভোটকেন্দ্রে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের উপস্থিতি উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। ভোটার সংখ্যা বাড়ার সমান্তরালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল ও নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে। ভোটকেন্দ্রগুলোর প্রবেশপথে কঠোর তল্লাশি চালানো হচ্ছে এবং ভোটার স্লিপ ব্যতীত কাউকে কেন্দ্রের ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।
ভোট প্রদান সম্পন্ন হওয়ার পর কেন্দ্রের ৪০০ গজের মধ্যে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি ছাড়া অন্য কাউকে অবস্থান করতে দেওয়া হচ্ছে না। এমনকি ভোট শেষে উৎসুক জনতা যেন ভিড় করতে না পারে, সেজন্য মাইকিং করে তাদের সরিয়ে দিচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। এ বিষয়ে মিরপুর শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে দায়িত্বরত সেনাবাহিনীর কর্মকর্তা মোহাম্মদ মাহমুদ জানান, ভোট দেওয়া শেষ হলে তারা কাউকে কেন্দ্রের সামনে দাঁড়াতে দিচ্ছেন না। কারণ মানুষের জটলা দেখলে সাধারণ ভোটাররা ভীত হতে পারেন অথবা কোনো সমস্যার আশঙ্কা করতে পারেন। তাই আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও শান্তিপূর্ণ রাখতে তারা সার্বক্ষণিক তৎপর রয়েছেন।
এস এম/ ১২ ফেব্রুয়ারি ২০২৬









