খুলনা

খুলনায় ভোটকেন্দ্রের সামনে উত্তেজনার মধ্যে বিএনপি নেতার মৃত্যু

খুলনা, ১২ ফেব্রুয়ারি – খুলনা সদরের আলিয়া মাদরাসা ভোটকেন্দ্রের সামনে দুই পক্ষের উত্তেজনা ও হট্টগোলের মাঝে মহিবুজ্জামান কচি নামের এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারি সকাল ৮টা ১০ মিনিটে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।

মৃত মহিবুজ্জামান কচি খুলনা মহানগর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ছিলেন এবং নগরের হাজী মহসিন রোড বাই লেনে তার পৈতৃক নিবাস।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায় সকাল ৮টায় আলিয়া মাদরাসা একাডেমিক ভবন কেন্দ্রের অদূরে বিএনপি ও জামায়াত সমর্থকদের মধ্যে উত্তেজনা তৈরি হওয়ার কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যুর খবরটি প্রকাশ্যে আসে।

খুলনা মহানগর বিএনপির সাবেক সহ দপ্তর সম্পাদক শামসুজ্জামান চঞ্চল ও সদর থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইউসুফ হারুন মজনু অভিযোগ করে বলেন কেন্দ্র এলাকায় আলিয়া মাদরাসার অধ্যক্ষ জামায়াতের প্রচারণায় অংশ নিচ্ছিলেন। তাকে বাধা দিলে তিনি মহিবুজ্জামান কচিকে ধাক্কা দেন এবং এতে কচি গাছের সঙ্গে মাথায় আঘাত পেয়ে মৃত্যুবরণ করেন।

তবে অভিযুক্ত অধ্যক্ষ আব্দুর রহিম মিয়া এই অভিযোগ অস্বীকার করে জানান তিনি কাউকে ধাক্কা দেননি বরং কেন্দ্রের সামনে জটলা তৈরি করা কয়েকজনকে সরে যেতে বলেছিলেন।

খুলনা ২ আসনের জামায়াতের সংসদ সদস্য প্রার্থী মো জাহাঙ্গীর হুসাইন হেলাল দাবি করেন ঘটনাটি কোনো পূর্বপরিকল্পিত বা উদ্দেশ্যপ্রণোদিত নয়। তিনি জানান উত্তেজনাকর পরিস্থিতির কারণে অসুস্থ হয়ে তিনি হৃদরোগে আক্রান্ত হতে পারেন।

কেন্দ্রের প্রিসাইডিং অফিসার সাইফুল ইসলাম জানান ঘটনাটি কেন্দ্রের সীমানার বাইরে ঘটায় এটি তার এখতিয়ারভুক্ত নয়। এদিকে খুলনা ২ আসনের বিএনপির প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু এই ঘটনাকে হত্যাকাণ্ড দাবি করে অধ্যক্ষ ও তার সহযোগীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান জানান ঘটনার ভিডিও ফুটেজ সংগ্রহ করা হয়েছে যেখানে উত্তেজনা দেখা গেলেও কাউকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার দৃশ্য এখনো পাওয়া যায়নি। পুলিশ বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করছে এবং প্রত্যক্ষদর্শীদের জবানবন্দি গ্রহণের পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

এনএন/ ১২ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language