ভোটের দিন গণপরিবহন সংকটে ভরসা মেট্রোরেল, যাত্রীদের স্বস্তি

ঢাকা, ১২ ফেব্রুয়ারি – ভোটের দিন রাজধানী ঢাকায় গণপরিবহনের উপস্থিতি ছিল একেবারেই নগণ্য। তবে ভোটারদের যাতায়াত নির্বিঘ্ন করতে চালু রাখা হয় মেট্রোরেল চলাচল। ফলে গণপরিবহন সংকটের মধ্যেও ভোটাররা স্বাচ্ছন্দ্যে ও দ্রুততম সময়ে নিজ নিজ ভোটকেন্দ্রে পৌঁছাতে পেরেছেন।
পূরবী মেট্রো স্টেশনের কাস্টমার রিলেশন অ্যাসিস্ট্যান্ট আসিফ জানান, সকালের দিকে অন্য দিনের তুলনায় যাত্রীর চাপ কিছুটা কম ছিল। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যাত্রীদের আনাগোনা বাড়তে থাকে। সকালে ভিড় কম থাকলেও ধীরে ধীরে মানুষ ঘর থেকে বের হচ্ছেন এবং কর্তৃপক্ষ যাত্রীদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে সচেষ্ট রয়েছে। মিরপুর থেকে ফার্মগেট এলাকায় ভোট দিতে যাওয়া এক যাত্রী জানান, ভোট দেওয়ার বিষয়টি সব সময়ই আবেগের।
রাস্তায় গণপরিবহন না থাকায় যাতায়াত নিয়ে কিছুটা দুশ্চিন্তা ছিল, কিন্তু মেট্রোরেল চালু থাকায় খুব সহজেই কেন্দ্রে যাওয়া সম্ভব হয়েছে। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার উদয়ন হাই স্কুল কেন্দ্রে ভোট দিতে আসা হাবিবুর রহমান জানান, ঢাকার বিভিন্ন সড়কে গণপরিবহন নেই বললেই চলে। মেট্রোরেল স্টেশনে পৌঁছাতে তার ৭০ টাকা খরচ হয়েছে, যেখানে সিএনজিতে পুরো পথ আসলে প্রায় ৪০০ টাকা লাগত। মেট্রোরেলের কারণে যেমন অর্থ সাশ্রয় হয়েছে, তেমনি দ্রুত পৌঁছানোও সম্ভব হয়েছে।
তিনি ইসিবি চত্বর থেকে রিকশায় স্টেশনে এসে মেট্রো ব্যবহার করেছেন। সকাল থেকে স্টেশনগুলোতে ভিড় কম থাকলেও সময় গড়ানোর সঙ্গে সঙ্গে ভোটারদের উপস্থিতি বাড়তে দেখা যায়। সাধারণ যাত্রীদের মতে, সড়কে যানবাহন সীমিত থাকার দিনে মেট্রোরেল চালু রাখার সিদ্ধান্তটি ছিল অত্যন্ত সময়োপযোগী ও স্বস্তিদায়ক।
এস এম/ ১২ ফেব্রুয়ারি ২০২৬









